ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘাটতি মেটাতে আগামী অর্থবছরে অভ্যন্তরীণ খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা কমানোর অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার সংসদে প্রস্তাবিত ২০১২-১৩ সালের বাজেটে অর্থমন্ত্রী ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন ২৩ হাজার কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের ঘোষিত লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হাজার কোটি টাকা বেশি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবশ্য বলছেন, ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা অঙ্কের হিসেবে গতবারের চেয়ে বেশি হলেও জিডিপির তুলনায় গতবারের চেয়ে কম।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা টেলিভিশনে দেখার পর এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “সরকার ব্যাংক থেকে যদি এই বিপুল পরিমাণ টাকা ঋণ নেয় তাহলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। তারল্য সঙ্কট বাড়বে। ব্যাংকের সুদের হারও বাড়বে।”
করদাতাদের ওপর চাপ না বাড়িয়ে এর পরিধি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি।
প্রস্তাবিত বাজেটের বিষয়ে আজাদ বলেন, “কিছু কিছু ক্ষেত্রে ভালো উদ্যোগ সামনে এসেছে। যেমন জাহাজ নির্মাণ শিল্প, ওষুধ শিল্প, ভোজ্য তেল এবং সিরামিকে ভর্তুকি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমএমআর/এমআই/২০২৪ ঘ.
bdnews24