ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনশক্তি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে বাংলাদেশের কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণ করতে মালয়েশিয়ার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকা সফর করছে।
দেশটির অভিবাসন দপ্তরের বিদেশি কর্মী (ফরেন ওয়ার্কার্স) বিভাগের পরিচালক হামিদ বিন ওমরের নেতৃত্বে এ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি সোমবার রাতে ঢাকা পৌঁছে।
মালয়েশিয়া কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি নেবে তা সরেজমিন পর্যবেক্ষণ করছে প্রতিনিধি দলটি।
তাদের সফরের শুরুতে মঙ্গলবার সকালে দলটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খানের সঙ্গে সচিবালয়ের কার্যালয়ে দেখা করেন।
পরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্যালয়, বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ও ঢাকার কোরীয় দূতাবাসে ‘এমপ্লমেন্ট পারমিট সিস্টেম (ইপিএস)’ সরেজমিনে দেখে প্রতিনিধি দলটি।
বোয়েসেলের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারের কার্যক্রমসহ জনশক্তি রপ্তানি প্রক্রিয়াও প্রত্যক্ষ করবে তারা।
বুধবার প্রতিনিধি দলটি কক্সবাজার সফর করবে। সেখানে প্রত্যন্ত অঞ্চলে অনলাইনে শ্রমিক নিবন্ধন পদ্ধতি দেখে তারা ঢাকা ফিরবেন। এরপর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তারা। বৃহস্পতিবার মালয়েশিয়া ফিরে যাবে প্রতিনিধি দলটি।
এ ব্যাপারে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার আগে কোন পদ্ধতি প্রয়োগ করলে জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা নিশ্চিত হবে, তা জানতেই মালয়েশীয় প্রতিনিধি দলের এই সফর।
জাফর আহমেদ খান বলেন, প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার খোলা ও উৎস দেশ (সোর্স কান্ট্রি) হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি বিষয়ে আলোচনা হয়।
এ সময় তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের ‘স্মার্টকার্ড’ বিতরণ প্রক্রিয়া সম্পর্কেও জানানো হয়।
প্রবাসীকল্যাণ সচিব বলেন, সর্বনিু অভিবাসন ব্যয় নিশ্চিত করা গেলে মালয়েশিয়া ভবিষ্যতে অপার সম্ভাবনার শ্রমবাজার হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্বল্প অভিবাসন ব্যয় নিশ্চিত, অনলাইন ভিসা পরীক্ষা (চেকিং) পদ্ধতি চালুসহ বিএমইটি ও বোয়েসেলকে শক্তিশালী করার পরামর্শ রয়েছে তাদের। দুবাই-বাংলাদেশের মধ্যে অনলাইন ভিসা চেকিং পদ্ধতি কার্যকর রয়েছে।
খুব শিগগিরই মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রত্যাশার কথা জানিয়ে জাফর আহমেদ বলেন, “পদ্ধতিগত কিছু কাজ এখন স¤পন্ন হচ্ছে। তারা শুধু মালি (প্লানটেশন) বা কৃষি শ্রমিক (এগ্রিকালচার সেক্টরে) খাতে নয়, সব খাতেই শ্রমিক নেবে। প্রাথমিকভাবে সরকারি পর্যায়ে (জিটুজি) শ্রমিক নেবে তারা। এজন্য অভিবাসন ব্যয় কমানো, শৃঙ্খলা ও সরকারি দপ্তরকে অনিয়মের বাইরে রাখাসহ কিছু প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া।”
সরকারিভাবে দেশটিতে জনশক্তি পাঠানো শুরুর পর জনশক্তি রপ্তানিকারকদের (বায়রা) মাধ্যমেও কর্মী পাঠানো হতে পারে।
সচিব আরো জানান, কুয়ালালামপুর ফিরে একটি প্রতিবেদন জমা দেবে প্রতিনিধি দলটি। তাদের প্রতিবেদন পর্যালোচনা করেই বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার ভাগ্য নির্ধারণ করবে মালয়েশিয়া।
২০১১ সালের ৮ জানুয়ারি বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বিষয়ে আলোচনার জন্য প্রথমবারের মতো তিনদিনের সফরে ‘ফ্যাক্টস্ ফাইন্ডিং মিশনে’ ঢাকা আসে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল দাঁতো আজাহার বিন্ রাজা আব্দুল মানাপ পাঁচ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৪১ ঘ.
bdnews24