নারায়ণগঞ্জ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে নারায়ণগঞ্জে একটি টেক্সটাইল মিলকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে মিলটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সদর উপজেলার ফতুল্লার আজাদ নিট কম্পোজিট টেক্সটাইলস মিলস লিমিটেড নামে ওই কারখানাকে এ নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কারখানাটি কোন ধরনের পরিবেশ ছাড়পত্র ও শোধনাগার ছাড়াই ১৫ বছর যাবত উৎপাদন চালিয়ে আসছে এবং নদী দূষণ করছে।
মঙ্গলবার ব্যবস্থাপনা পরিচালক হাজি আবুল কাশেমকে ঢাকা অফিসে ডেকে এনে ৩০ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এতে আরো বলা হয়, কারখানাটি এ পর্যন্ত ১৩ কোটি লিটার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত তরল বর্জ্য পরিশোধন ছাড়াই পাশের খাল দিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৭ ঘ.
bdnews24