২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শিশু গৃহপরিচারিকা খুন

রাজধানীর দক্ষিণখান এলাকায় পরমিন আকতার নামে আট বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকা খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখান এলাকায় পরমিন আকতার নামে আট বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকা খুন হয়েছে। মঙ্গলবার ভোরে দক্ষিণখানের তালতলা নর্দা এলাকায় মোশাররফ হোসেনের বাড়ির সামনে থেকে পরমিনের লাশ উদ্ধার করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, পরমিন এই বাড়ির পাঁচতলার ভাড়াটিয়া মো. রাশেদুলের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো। এ ঘটনায় রাশেদুল ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা হলেন, রাশেদুলের স্ত্রী সাবরিনা জাহান রাখি, রাখির বাবা আব্দুল¬াহ হেল কাফি এবং বাড়ির দারোয়ান বাদশা। দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় চারমাস আগে একই এলাকার দিনমজুর শাহাবুদ্দিন তার মেয়ে পরমিনকে রাশেদুলের বাসায় গৃহপরিচারিকার কাজে দেয়। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় মেয়েকে রক্তাক্ত ও মৃত অবস্থায় ওই বাড়ির প্রধান ফটকের সামনে পড়ে থাকতে দেখে শাহাবুদ্দিন চিৎকার দেয়। আশপাশের লোকজন এসে প্রধান ফটকে ধাক্কা দিলেও কেউ না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে এসআই বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১৭২২ ঘ.