চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে করা তিন মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুুখ্য মহানগর হাকিম ও দ্রুত বিচার আদালতের বিচারক আবদুর রহমান অভিযোগপত্র তিনটি গ্রহণ করেন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন।
বিএনপি নেতাকর্মীদের আইনজীবী আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক খুলশী ও কোতোয়ালি থানার তিনটি দ্রুত বিচার মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন এবং পলাতক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আগামী ১৩ জুন এই মামলা তিনটির অভিযোগ গঠনের শুনানি হবে বলে জানান তিনি।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদসহ বেশ কয়েকজন আসামি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিলেও নিু আদালতে আত্মসমর্পণ না করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত ১৩ মে ১৮ দলীয় জোটের গণমিছিলের আগে সমাবেশ চলাকালে কাজীর দেউরী মোড় ও নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
পুলিশ বাদি হয়ে সেদিন রাতেই দ্রুত বিচার আইনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটিসহ কোতোয়ালি ও খুলশী থানায় মোট ছয়টি মামলা করে।
গত ২৩ মে খুলশীর একটি ও কোতোয়ালি থানার দুটিসহ মোট তিনটি দ্রুত বিচার মামলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
কোতোয়ালির একটি মামলায় জামিন বাতিল হয়ে কারাগারে রয়েছেন নগর জামায়াতের আমির ও সাতকানিয়ার সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬২৪ ঘ.
bdnews24