ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যদের কথা, আচরণ ও ভঙ্গি ‘মর্যাদাপূর্ণ’ হওয়া দরকার বলে মনে করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্ণধার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এরা (সাংসদ) এতো অপমান করলেন, অথচ একবারও জানার চেষ্টা করলেন না- আমার কথাটা কি ছিল। কেউ বিষয়টি জানেন না, অথচ মন্তব্য করেছেন।”
“আমি এমপিদের কাছে প্রত্যাশা করব, এসব বলার আগে তথ্যগুলো তাদের নেওয়া উচিত ছিল। আজ তারা লজ্জায় পড়েছেন। তাদের জন্য আমিও দুঃখ অনুভব করিছ। এটা দুঃখজনক ঘটনা”, যোগ করেন তিনি।
শনিবার এক আলোচনা সভায় বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্ণধারের বক্তব্যের প্রসঙ্গ ধরে রোববার কয়েকজন সংসদ সদস্যের আলোচনার পর আবু সায়ীদকে সংসদে এসে ক্ষমা চাওয়ার আহ্বান জানান অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনকারী আলী আশরাফ।
সংসদে এ নিয়ে আলোচনায় কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, শনিবার টিআইবির আলোচনা সভায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ ‘সাংসদ ও মন্ত্রীরা চোর-ডাকাতের মতো আচরণ করেন এবং শপথ ভঙ্গ করেন’ বলে মন্তব্য করেছেন বলে দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম এর ওপর আলোচনায় অংশ নেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আবু সায়ীদকে নিয়ে সাংসদদের ওই আলোচনা এক্সপাঞ্জ না হাওয়ায় এবং টিআইবি প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্থাপিত হওয়ায় মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যাপক আবু সায়ীদ রসিকতা করে বলেন, “আগে জানতাম ভালো কাজ করে বিখ্যাত হওয়া যায়। এখন দেখছি ঠেঙানি খেয়েও বিখ্যাত হওয়া হয়।”
অবশ্য ডেপুটি স্পিকার শওকত আলী বিষয়টি নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাতে ‘সমস্যার সমাধান’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ডেপুটি স্পিকার শওকত আলী সোমবার অধিবেশনে বলেন, ওই সংবাদের জন্য আবদুল্লাহ আবু সায়ীদ দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে নালিশ জানাতে পারেন। তাকে নিয়ে জাতীয় সংসদে আলোচনা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন শওকত আলী।
আবদুল্লাহ আবু সায়ীদ সংবাদ সম্মেলনে বলেন, “জাতীয় সংসদের সবাইকে ঢালাওভাবে দুর্নীতিবাজ বলব- মাথা তো এতোটা খারাপ হয়ে যায়নি। এতো বড় কথা আমি বলতে পারি না।”
সাতটি দৈনিকে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ পত্রিকারগুলোর সংবাদের ধরনও অনেকটা একই রকম।
“শেখ সেলিম আমার ছাত্র হয়েও সত্যি সত্যি আমার ওপর ক্ষিপ্ত হয়েছেন। শিক্ষকের গাড়ি-বাড়ি থাকার কথা নয়-এ কথায় আমি কষ্ট পেয়েছি”, বলেন এই অধ্যাপক।
তিনি বলেন, “আমার গাড়ি-বাড়ি নেই। দুই রুমের একটি বাসায় ভাড়া থাকি। ছাত্রের কাছ থেকে এ রকম শুনলে মনটা খারাপ হয়।”
আবু সায়ীদ প্রশ্ন রাখেন, গণতান্ত্রিক দেশে কেউ কি কোনো কিছু নিয়ে কথা বলতে পারবে না?
সংসদে যে ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে তা দুঃখজনক উল্লেখ করে এই অধ্যাপক বলেন, “শিক্ষিত মানুষের পরিশীলিত ভাষা আছে। কঠিন কথাও মার্জিত ভাষায় বলা যায়। তারা যখন কথা বলছিলেন, তাদের অসুন্দর দেখাচ্ছিল। আমরা চাইব এমপিরা হাস্যময় থাকবেন, সুন্দর ভাষায় কথা বলবেন।”
এমপিদের বক্তব্যে কষ্ট পেয়েছিলেন জানিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ডেপুটি স্পিকার বিষয়টি মানবিকভাবে দেখেছেন, এতে তার কষ্ট চলে গেছে।
টিআইবির চেয়ারপার্সন সুলতানা কামাল আশা প্রকাশ করেন আবু সায়ীদকে নিয়ে আলোচনাটি সংসদ এক্সপাঞ্জ করবে। টিআইবির পক্ষ থেকে ওই বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান তিনি।
নির্বাচিত প্রতিনিধিদের সমালোচনা করা যাবে না- সংবিধানের কোথাও এমন বিধান নেই বলেও চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সুলতানা কামাল।
তিনি বলেন, “সংসদীয় ভাষা বলে একটা কথা আছে। এর সঙ্গে বিবেক, বোধ ও নিজেকে গড়ে তোলার সম্পর্ক রয়েছে। আশা করব প্রতিনিধিরা যথেষ্ট মনযোগী হবেন। এ ধরনের কথা বলে আমাদের লজ্জায় ফেলবেন না।”
এই ‘হৈ-চৈ’ এর উপযোগ সাংবাদিকরা করে দিয়েছেন উল্লেখ করে এই মানবাধিকার কর্মী বলেন, “খুব ক্রান্তিকালে, খুব কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। গণতন্ত্র, বিশ্বাস, শ্রদ্ধা খুব গভীরভাবে গেড়ে বসতে পারেনি। এ অবস্থা যেন আরো বেশি কঠিন-জটিল না হয়, সে দায়িত্ব তোমাদের (সাংবাদিক) নিতে হবে।”
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, যে কয়েকজন সাংসদ বক্তব্য দিয়েছেন তাদের কাছে আবু সায়ীদের বক্তব্যের ‘সিডি ও ট্রান্সক্রিপ্ট’ পাঠানো হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীকেও বক্তব্যের কপি পাঠানো হয়েছে।
তিনি বলেন, “সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মতো গণমাধ্যমের কাজেও ভুল বা অপরিপূর্ণতা থাকতে পারে এটাই স্বাভাবিক। আমাদের সবার উচিত এ বিষয়ে আরো সজাগ থাকা।”
সংবাদ সম্মেলনে আবু সায়ীদের বক্তব্যের ভিডিও ফুটেজ দেখানো হয় এবং তার বক্তব্যের অনুলিপি এবং অডিও সিডি সংবাদিকদের দেওয়া হয়।
টিআইবির সরবরাহ করা আবু সায়ীদের বক্তব্যের অনুলিপিতে বলা হয়েছে, “এই যে চোরেরা চুরি করে, ডাকাতরা যে ডাকাতি করে...এটা কি দুর্নীতি? আমার মনে হয় এটা দুর্নীতি নয়। কারণ দুর্নীতির সঙ্গে একটা শব্দ যুক্ত আছে তার নাম হচ্ছে নীতি। চোরের কোনো নীতি নেই, ডাকাতের নীতি নেই। সুতরাং দুর্নীতি সেই মানুষটি করেন যার নীতি আছে। যিনি মন্ত্রী শপথ গ্রহণ করেন যে আমি শত্রু-মিত্র ভেদাভেদ সকলের প্রতি সমান বিচার করব। তিনি শপথ করে যখন অন্যায় করেন তখন সেটা দুর্নীতি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/জেকে/১৫৪৩ ঘ.
bdnews24