২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রবিরোধিতাকারীরা দেশবিরোধী: উপদেষ্টা

ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর সমালোচনাকারীদের ‘দেশবিরোধী’ বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এর সমালোচনাকারীদের ‘দেশবিরোধী’ বলেছেন। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় সমালোচকদের উদ্দেশ্যে তৌফিক-ই-ইলাহী বলেন, “তারা অজ্ঞ, জ্ঞানপাপী, সরকারবিরোধী অথবা দেশবিরোধী। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়া কোনো বিকল্প ছিল না।” তৌফিক বলেন, “দেশের উন্নয়নের স্বার্থে রেন্টাল (ভাড়াভিত্তিক) ও কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। যখন রেন্টাল পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয় তখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ২৬ টাকা। বিশ্ববাজারে তেলের উধর্বগতির কারণে এখন তা ৬০ টাকা।” এরপরও বিদ্যুতের উৎপাদন দৈনিক গড়ে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট পর্যন্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “আরো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, আগামীতে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি কমবে।” অনেক সমালোচক শুধু তত্ত্বকথা বলেছেন এ অভিযোগ করে তিনি বলেন, “আমাদের অর্জনকে আন্ডারমাইন্ড করার জন্য এসব বলা হচ্ছে। বিদ্যুতের উৎপাদন বাড়ায় সরকারকে সাধুবাদ দেওয়া উচিত।” বর্তমান সরকারের আমলে গ্যাসের উৎপাদন বেড়েছে দাবি করে তৌফিক বলেন, “সরকারের দায়িত্ব গ্রহণের সময় গ্যাসের উৎপাদন ছিলো ১৭শ’ মিলিয়ন ঘনফুট তা এখন বাড়িয়ে প্রায় ২১শ’ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি নিয়ে এসেছি।” জ্বালানিখাত বিষয়ক পাক্ষিক সাময়িকী এনার্জি অ্যান্ড পাওয়ার ‘সাসটেনএবল এনার্জি ডেভেলপমেন্ট অ্যান্ড স্মার্ট গ্রিড’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, এনার্জি অ্যান্ড পাওয়ার এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৪০৪ ঘ.