রংপুর, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ দফা দাবিতে রংপুর বিভাগের আট জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু করেছে রংপুর বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশন।
ধর্মঘটের কারণে মঙ্গলবার ভোর ৬টা থেকে ট্রাক, ট্যাংক লরী ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
ফেডারেশনের দাবি দাওয়া নিয়ে সোমবার রাতে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
মোটর শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, রংপুর বিভাগীয় পরিরহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নামে দায়ের করা হত্যা মামলাসহ কয়েকটি মামলা প্রত্যাহার ও পুনঃতদন্ত, মহাসড়কে ভটভটি-নছিমন চলাচল বন্ধ করাসহ ১০টি দাবি তুলে ধরা হয় এই সভায়।
দীর্ঘ আলোচনায় অন্যান্য দাবির ব্যাপারে তিন পক্ষ একমত হলেও মোটর শ্রমিক নেতা মজিদের মামলার বিষয়টির সুরাহা না হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সভা। সকাল থেকে ফেডারেশনের ডাকে শুরু হয় ধর্মঘট।
রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ন চন্দ্র বর্মা, রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি লুৎফর রহমান, রংপুর জেলা প্রশাসক ফরিদ আহাম্মেদ, পুলিশ সুপার সালেহ মো. তানভীর এবং রংপুর বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আকতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান রাঙ্গাসহ রংপুর বিভাগের আট জেলার মোটর শ্রমিক ও মালিক সমিতির নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আকতার হোসেন বাদল সাংবাদিকদের জানান, মজিদের মামলার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১০৫৫ ঘ.
bdnews24