চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ডাক বিভাগের (জিপিও) এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর সোমবার কোতোয়ালি থানায় চট্টগ্রাম জিপিও’র যোগাযোগ শাখার অপারেটর ঈদু আলমের বিরুদ্ধে এ মামলা করেন বলে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
ঈদু আলম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এসআই মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদু আলমের বিরুদ্ধে ব্যাংকে পরিশোধের নামে মূল্য সংযোজন কর (মূসক) ও আয়করের ৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
চট্টগ্রাম জিপিও’র সহকারী ট্রেজারার হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি এ অর্থ আত্মসাৎ করেন বলে মামলায় বলা হয়।
মামলার এজাহারে বলা হয়, ২০০৯-২০১০ ও ২০১০-২০১১ অর্থবছরে ২৮টি বিল ও ভাউচারের মূল্য সংযোজন কর (মুসক) ও আয়করের টাকা আত্মসাৎ করেন ঈদু আলম। অথচ ভুয়া কাগজপত্রের মাধ্যমে সেই টাকা বাংলাদেশ ব্যাংকে পরিশোধ দেখান তিনি।
“পরবর্তীতে প্রাথমিক তদন্তে পুরো অর্থই তিনি আত্মসাৎ করেছেন বলে প্রমাণ মিলেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২২১৬ ঘ.
bdnews24