২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহ আবু সায়ীদকে প্রেস কাউন্সিলে যাওয়ার পরামর্শ

শওকত আলী বলেছেন, তিনি সংসদে থাকলে আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে আলোচনা শুরুতেই থামিয়ে দিতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক ইনকিলাবে প্রকাশিত সংবাদের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদকে প্রেস কাউন্সিলে নালিশ জানানোর পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী। তাকে নিয়ে রোববার জাতীয় সংসদে আলোচনা ঠিক হয়নি বলে মন্তব্য করে শওকত আলী আরো বলেছেন, তিনি সংসদে থাকলে আলোচনা শুরুতেই থামিয়ে দিতেন। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “গতকাল সংসদে দৈনিক ইনিকিলাবে প্রকাশিত অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের একটি বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে। কয়েকজন মাননীয় সংসদ আলোচনায় অংশ নেন। “আজ দৈনিক সমকালে তার (অধ্যাপক আবু সায়ীদ) একটি বিবৃতি ছাপা হয়েছে। সেখানে তিনি বলেছেন, তিনি ওই রকম কোনো কথা বলেন নাই। তিনি প্রেস কাউন্সিলে যেতে পারেন অথবা আইনের আশ্রয় নিতে পারেন।” স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রোববার সরকারদলীয় সংসদ সদস্য আলী আশরাফের সভাপতিত্বে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের কথিত এক বক্তব্য ধরে সমালোচনা হয়। আলী আশরাফ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে ক্ষমা চাওয়ার আহ্বানের পাশাপাশি তাকে সংসদে তলবেরও হুমকি দেন। তবে আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, যে বক্তব্য ধরে সংসদে আলোচনা হয়েছে, তিনি তা বলেননি। এর আগে দুপুরে শওকত আলী সংসদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “বিষয়টি ভালোভাবে না জেনে, একটি পত্রিকা দেখে সংসদে তার (আবদুল্লাহ আবু সায়ীদ) মতো সম্মানিত ব্যক্তিকে নিয়ে এ ধরনের আলোচনা ঠিক হয়নি। একজন সংসদ সদস্য ভুল করতে পারেন, তাই বলে তিনজন ভুল করবেন, এটা তো ঠিক না।” দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার টিআইবির এক সভায় আবু সায়ীদ বলেছেন, “সাংসদ ও মন্ত্রীরা চোর-ডাকাতের মতো আচরণ করেন এবং শপথ ভঙ্গ করেন।” কথিত ওই বক্তব্যের সমালোচনা করে সংসদে আলোচনা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু ও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। এরপর অধিবেশনে সভাপতিত্বকারী আলী আশরাফও সমালোচনায় মুখর হন। ডেপুটি স্পিকার বলেন, “আমি দেখেছি, একটি মাত্র পত্রিকায় তার বক্তব্য এসেছে। তাছাড়া উনি নিজেও বলেছেন, সংসদ সদস্যদের অবমাননা হয়, এমন কথা তিনি বলেননি। সংসদ তো এত হালকা জায়গা নয় যে, সবকিছুর প্রতিক্রিয়া দেখাতে হবে। তাও আবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে!” “আমি সংসদে থাকলে এ আলোচনা উঠলে থামিয়ে দিতাম। তিনি শ্রদ্ধেয় ব্যক্তি। তার বিরুদ্ধে কথা বলার সময় জেনে কথা বলা উচিত,” বলেন ডেপুটি স্পিকার। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “সংসদে আমার যেসব উদ্ধৃতি নিয়ে আলোচনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। টিআইবির অনুষ্ঠানে আমি ওই ধরনের কথা বলিনি।” রোববারের আলোচনার বিষয়ে সংসদ অধিবেশনে কিছু বলবেন কি না- জানতে চাইলে ডেপুটি স্পিকার বলেন, “যদি কেউ আবার কথা তোলে, তাহলে আমি বলব। নিজে থেকে কথা তুলব না।” “স্পিকার চাইলে এ বিষয়ে কথা বলতে পারেন,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০০ ঘ.