ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. খোরশেদ আলমসহ ৪১ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক আইনজীবীর মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
আদালত প্রাঙ্গণে পিটুনির শিকার আইনজীবী হোসেন আলী খান সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা দায়ের করেন।
অভিযোগ গ্রহণ করে মহানগর হাকিম জয়নাব বেগম এর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
গত ১৬ মে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর পর আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় আহত হন হোসেন আলী।
খোরশেদ আলমসহ মোট ৬ জনের নাম উল্লেখ করে আরো ৩৫ জন অজ্ঞাতপরিচয় পুলিশ সদসকে এ মামলায় আসামি করেছেন হোসেন আলী। আসামিদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগ আনা হয়েছে।
আরজিতে নাম উল্লেখ করা বাকি পাঁচ আসামি হলেন- পুলিশের লালবাগ জোনের অতিরিক্ত উপ কমিশনার মারুফ হোসেন, সহকারী কমিশনার রাজীব আল মাসুদ, ঢাকার কোতোয়ালি থানার সদ্য বরখাস্ত ওসি সালাউদ্দিন খান, পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম, একই থানার উপ পরিদর্শক মো. আজাদ।
হরতালে গাড়ি পোড়ানোর একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৩৩ জ্যেষ্ঠ নেতা গত ১৬ মে মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু মহানগর দ্রুত বিচার হাকিম তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
এর প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ওই সময় পুলিশের পিটুনিতে আহত হোসেন আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
তিনি বিরোধী দলের ৩৩ নেতার জামিন আবেদনের শুনানিতে আইনজীবী হিসাবে অংশ নিয়েছিলেন বলেও হোসেন আলী আদালতকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24