লাবলু আনসার
নিউইয়র্ক প্রতিনিধি
নিউ ইয়র্ক, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মাটিতে নিজের হাতে গড়া নূহাশপল্লীতে ২১ দিন কাটিয়ে অস্ত্রোপচারের জন্য আবার যুক্তরাষ্ট্রে ফিরেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
নিউ ইয়র্ক সময় রোববার দুপুরে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে হুমায়ূন জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং দুই ছেলে নিষাদ ও নিনিতও এসময় তার সঙ্গে ছিলেন।
কমলা রংয়ের টি শার্ট পরিহিত হুমায়ূনকে বিমানবন্দরে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল। তাকে স্বাগত জানাতে আসা প্রবাসীদের সঙ্গেও মন খুলে কথা বলেন তিনি। এই লেখককে দেখে বোঝাই যাচ্ছিল না যে, ৯ দিন পর তার বৃহদান্ত্রের ক্যান্সারের অস্ত্রোপচার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২১ দিনের প্রতিটি ক্ষণ আমি কাটিয়েছি নূহাশপল্লীতে। লেখালেখি করেছি, ছবি এঁকেছি।”
বাংলাদেশকে কেমন দেখলেন জানতে চাইলে হুমায়ূন বলেন, “খুব ভাল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত।”
শাওন জানান, ১২ জুন নিউইয়র্ক সিটির বেলভ্যু হাসপাতালে অস্ত্রোপচার হবে হুমায়ূনের। সোমবারই হাসপাতালে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হচ্ছে।
প্রকাশনা সংস্থা মুক্তধারার বিশ্বজিৎ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশবাসীর দোয়ায় লেখকের স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে অনেক ভাল। এটা লেখক-ভক্তদের জন্যে অবশ্যই একটি সুখবর।”
একুশে ও বাংলা একাডেমী পদকে ভূষিত হুমায়ূন গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে যাওয়ার পর মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিতে শুরু করেন। দুই পর্বে মোট ১২টি কেমো থেরাপি নেওয়ার পর গত এপ্রিলে তার এমআরআই করা হয়। এর প্রতিবেদন পর্যালোচনা করেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত দেন চিকিৎসকরা।
১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে জনপ্রিয় কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.
bdnews24