ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুবিধাবঞ্চিত এলাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত করতে ‘সামাজিক দায়বদ্ধতা তহবিল বিধিমালা ২০১২’ অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
টেলিযোগাযোগ খাতের অপারেটরদের বার্ষিক মোট রাজস্ব আয়ের এক শতাংশ তহবিলে চাঁদা পরিশোধের বিধান রেখে এ বিধিমালা তৈরি করা হয়েছে।
রোববার সকালে এ বিধিমালা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজস্ব আয়ের শতকরা এক ভাগ চাঁদার বিধান থাকলেও সরকার যে কোনো সময় গেজেট প্রজ্ঞাপন জারির মাধ্যমে চাঁদার হার পরিবর্তন করতে পারবে।”
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনের পর সামাজিক দায়বদ্ধতা তহবিলে একশ’ কোটি টাকার বেশি জমা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের পর তহবিল প্রশাসন ও সদ্ব্যবহারে “সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনা কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হবে বলে জানান বিটিআরসির এই কর্মকর্তা।
বিটিআরসি’র একজন কমিশনারের সভাপতিত্বে কমিশনের সরকারি কর্মকর্তা, চাঁদা প্রদানকারী প্রতিনিধি এবং বিশেষজ্ঞ নিয়ে এ কমিটি গঠন করা হবে।
সামাজিক দায়বদ্ধতা তহবিলের বাজেট বরাদ্দ, প্রকল্প প্রণয়ন ও অনুমোদন করবে এ কমিটি। এছাড়া দেশের টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা দিতে এলাকা চিহ্নিতও করবে এ কমিটি।
প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে নিয়োজিত জনবলের বেতন-ভাতা, পরামর্শক বা বিশেষজ্ঞ ফি ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও এ তহবিল থেকে যোগান দেওয়ার কথা বিধিমালায় উল্লেখ করা হয়েছে।
বিধিমালায় বলা হয়, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা বিস্তৃতকরণ প্রকল্পেই কেবল এ অর্থ খরচ করা যাবে, অন্য কোনো ক্ষেত্রে নয়।”
বিটিআরসি’র হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের মোট রাজস্ব আয় প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এছাড়া অন্যান্য অপারেটরদের রাজস্ব আয় রয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এমআই/২৩১৩ ঘ.
bdnews24