২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসাইরহাট ওসির বিরুদ্ধে হত্যা মামলা

হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট থানার ওসি একরাম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 11:28 AM

শরীয়তপুর, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট থানার ওসি একরাম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রোববার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম অশোক কুমার দত্তের আদালতে মামলাটি করেন গোসাইরহাটের মশুরগাঁও গ্রামের প্রয়াত মোখলেছুর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলাটি তদন্তের জন্য গোসাইরহাট সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারকে নির্দেশও দেওয়া হয় বলে বাদীর আইনজীবী জানিয়েছেন। প্রায় দু’ বছর আগে মোর্শেদা বেগম স্বামী মোখলেছুর রহমানের মৃত্যু হয়। মামলায় তাকে পুলিশ হেফাজতে নির্যাতনে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বাদীপক্ষের আইনজীবী এম এন মুরিুজ্জামান সাংবাদিকদের বলেন, গোসাইরহাটের চরমহিষকান্দি গ্রামের ফয়সাল সরদারের ছেলে নীরব (৫) ও মেয়ে রজনী (২) হত্যা মামলায় ২০১০ সালের ৩১ অগাস্ট মোখলেছুর রহমানকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেন উপ-পরিদর্শক আবুল কালাম। থানায় মোকলেছুরকে নির্যাতন করা হয়। খবর শুনে মোর্শেদা থানায় গেলে ওসি তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। গলার চেইন বিক্রি করে মোর্শেদা ওইদিনই ২০ হাজার টাকা দেন, বাকি ৮০ হাজার টাকা পরদিন সকালে দিতে বলেন ওসি। কিন্তু টাকা না দিলে আদালতে হাজির করে মোখলেছুর রহমানকে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানে মোখলেছুরকে ‘পিটিয়ে হত্যা’ করা হয়। মৃত্যুর খবর শুনে মোর্শেদা ও তার ছেলে বিল্লাল হোসেন থানায় গিয়ে মোখলেছুরের শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখতে পান। এক পর্যায়ে প্রভাবশালীদের সহায়তায় ওসি তাদের থানা থেকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেন। পরে ওসি ‘ইচ্ছামতো’ লাশের ময়নাতদন্ত করে লাশ দাফন করান। এ ঘটনায় মামলা দায়ের করতে গেলে দক্ষিণ সাইক্ষ্যা গ্রামের জহিরুল মাস্টার, মোশারফ কাজী, হাসেম বেপারী ও খোকন বেপারী ওসির কথামতো মোর্শেদাকে চাপ দিয়ে বিষয়টি মীমাংসা করান। মীমাংসায় মোর্শেদাকে নগদ সাড়ে চার লাখ টাকা ও কৃষি জমি প্রদান এবং দুই ছেলেকে চাকরি দেওয়ার কথা বলা হয়। কিন্তু তা পরে আর দেওয়া হয়নি। বরং এই সময়ে আলামত নষ্ট করে হত্যাটি ভিন্নখাতে প্রবাহিত করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ওসি একরাম আলী মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নেওয়ার কথা শুনে ইফতারের সময় হাজতখানার মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মোখলেছুর। ময়নাতদন্ত শেষে অপমৃত্যুর মামলা হয়। সেই মামলার প্রতিবেদনও আদালতে গৃহীত হয়েছে। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, মামলার আদেশের কপি এখনো পাওয়া যায়নি। আদেশ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.