চট্টগ্রাম, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় তৃতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন বাদী বিমল শীল।
রোববার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সৈয়দা হোসনে আরা বেগমের আদালতে বিমল শীল জবানবন্দি দেন।
বিচারক আগামী ১৭ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রেখেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম।
ওইদিন বিমল শীলের অবশিষ্ট জবানবন্দি নেওয়া হবে।
রোববার বিমল শীল অসমাপ্ত জবানবন্দিতে এজহারে উল্লেখ করা বক্তব্যের বাইরে বর্ণনা দিলে আসামিপক্ষের আইনজীবীরা এতে আপত্তি জানায়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর প্রতিবাদ জানালে বিচারক জবানবন্দি গ্রহণ অসমাপ্ত রেখে ১৭ জুন নতুন দিন রাখেন।
জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওইদিন অসমাপ্ত জবানবন্দি গ্রহণ এবং আদালত উভয়পক্ষের আইনজীবীকে আইনের ব্যাখা দিতে বলেছেন।
এর আগে ২৩ ও ১৫ মে বাদী বিমল শীল দুই দফায় জবানবন্দি দেন।
চাঞ্চল্যকর এ ঘটনার ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপিনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি।
আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা করেন।
সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। এরপর ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫৩ ঘ.
bdnews24