২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে ‘শুভঙ্করের ফাঁকি’: আকবর আলি

নতুন অনেক বিদ্যুৎ কেন্ত্র চালু হলেও রক্ষণাবেক্ষণ ও জ্বালানির অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের উৎপাদন বেড়েছে সরকারের এ দাবিকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা আকবর আলি খান। শনিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ‘নতুন অর্থবছরের বাজেট ভাবনা: বিদ্যুৎ ও জ্বালানি খাত’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে আকবর আলি বলেন, “উৎপাদন বেড়েছে অথচ লোড-শেডিংয়ে জনজীবন অতিষ্ট।” “উৎপাদন যে রকম বাড়ানো হয়েছে, সে রকমভাবে আবার রক্ষণাবেক্ষণ ও গ্যাসের অভাবে বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করা যাচ্ছে না”, যোগ করেন তিনি। তবে একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী দাবি করেন, “আগামী অর্থবছরে বিদ্যুতের ভোগান্তি কমবে। উৎপাদন ক্ষমতা আরো বাড়ছে তখন পরিস্থিতি সহনীয় হয়ে আসবে।” সরকারের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির দাবির অসারতা প্রমাণ করতে আকবর আলি বলেন, “২০০৯ সালের ১৩ মে উৎপাদন ক্ষমতা থাকা সত্বেও এক হাজার ৫৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায় নি। ২০১২ সালের একই তারিখে তা দাঁড়িয়েছে তিন হাজার ২৮ মেগাওয়াটে। আমাদের উৎপাদন ক্ষমতা আছে, কিন্তু সেগুলো আমরা চালাতে পারছি না, উৎপাদন করতে পারছি না।” বিরোধী দল সংসদে না যাওয়ায় বাজেট অধিবেশন একটি প্রাণহীণ অনুষ্ঠান পরিণত হয়েছে মন্তব্য করে সাবেক এই আমলা বলেন, “ওখানে যেসব আলোচনা হয় তার শতকরা ৯৫ ভাগ রাজনৈতিক। তাই বাকি এই পাঁচ শতাংশ আলোচনার মধ্যে জ্বালানির ওপর কোনো অর্থবহ আলোচনা হবে বলে আমি আশা করি না।” জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “জ্বালানি সমস্যার সমাধান করতে পারলে বিদ্যুৎ সমস্যার অনেকটা সমাধান করা যাবে।” “দেশের মধ্যে থেকে গ্যাস, তেল ও কয়লা পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীরাও এগিয়ে আসবেন। আর সেটা না করতে পারলে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হবে। এতে অর্থনীতির ওপর চাপ পড়বে”, যোগ করেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার দ্রুত না বাড়াতে পারলে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব হবে না এ মন্তব্য করে তিনি বলেন, “এ খাতে জোর দিতে হবে। অথচ জ্বালানি খাত অনেক বেশি আমদানি নির্ভরশীল হয়ে পড়েছে।” আকবর আলি মনে করেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকদের সঙ্গে সমষ্টিগত অর্থনীতি যারা পরিচালনা করেন তাদের সমন্বয়ের প্রয়োজন রয়েছে। এই সমন্বয়ের অভাবেই গরমের মধ্যে লোডশেডিং হচ্ছে। বেশি দাম দিয়েও গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। একজন দর্শকের প্রশ্নের জবাবে তৌফিক ইলাহী বলেন, “রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়া কোনো বিকল্প ছিলো, এটা স্বল্প মেয়াদী। সেজন্যই আমরা বেসরকারি খাতে ডিজেল ও ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্র নির্মাণ করি।” কিছু বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন হচ্ছে না - এ অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “যেখানে এক হাজার মেগাওয়াট লাগবে সেখানে ১ হাজার ২০০ মেগাওয়াট করেছি। কারণ কিছু ফেইলর হতে পারে।” বিদ্যুতের দাম প্রসঙ্গে তিনি বলেন, “যখন রেন্টাল পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয় তখন প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিলো ২৬ টাকা, বিদ্যুৎ উৎপাদনের খরচ পড়তো প্রতি ইউনিট ৭ টাকা। আর বিশ্ববাজারে তেলের ঊধর্বগতির কারণে এখন ফার্নেস অয়েলের দাম ৬০ টাকা, সে কারণে উৎপাদন খরচ ১৫ থেকে ১৬ টাকা হচ্ছে।” দীর্ঘমেয়াদী কেন্দ্র নির্মাণে অর্থনীতি ও প্রযুক্তিগত দিক থেকে তিন চার বছর সময় লাগে বলে জানিয়ে তিনি বলেন, “আরো পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।” দামের ক্ষেত্রে সরকার ভারসাম্য রক্ষায় বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি ভর্তুকি দিচ্ছে বলে জানান তিনি। বর্তমান সরকারের সময়ে গ্যাসের উৎপাদন বেড়েছে দাবি করে তৌফিক বলেন, “সরকারের দায়িত্ব গ্রহণের সময় গ্যাসের উৎপাদন ছিলো ১৭শ’ মিলিয়ন ঘনফুট তা এখন বাড়িয়ে প্রায় ২২শ’ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি নিয়ে এসেছি।” অনুষ্ঠানের অপর আলোচক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক বলেন, “এখন এক ধরনের প্রচার শুরু হয়েছে রেন্টাল পাওয়ার প্লান্টের জন্য ইকোনোমি নষ্ট হচ্ছে। তার মতে, রেন্টাল পাওয়ার প্লান্ট না থাকলে অর্থনীতির আরো ক্ষতি হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১২২৯ ঘ.