২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের অনশন

বাড়ি ভাড়া বাড়ানোসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি প্রতীকী অনশন পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 11:28 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ০২ (বিডিনিউজ)- বাড়ি ভাড়া বাড়ানোসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ শিক্ষক সমিতি প্রতীকী অনশন পালন করেছে। শনিবার সকালে জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মোড়ে এই অনশন পালন করেন শিক্ষকরা। এ সময় সমাবেশে শিক্ষক নেতারা বলেন, দুর্মূল্যের বাজারে বেঁচে থাকা তাদের দায় হয়ে দাঁড়িয়েছে। ১৯৯৩ সালে ঘোষিত স্কেলে একটি মাত্র বার্ষিক প্রবৃদ্ধি ১০০ টাকা বাড়ি ভাড়া, ১৫০ টাকা চিকিৎসা ভাতা আর মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সম্মানজনক বাড়িভাড়া প্রদান, অনুপাত প্রথা বাতিল, সরকারি শিক্ষকদের অনুরূপ ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, চাকরির বয়স সীমা ৬৫ বছর, পিএসসির ন্যায় বেসরকারি শিক্ষক কর্ম কমিশন গঠন, নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তকরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। সমাবেশে বক্তব্য প্রদান করেন- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোসাররফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, দিলশাদ তহমিনা বেগম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৬ ঘ.