ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিটামিন এ প্লাস টিকা থেকে যেন কোনো শিশু বাদ না পড়ে সে জন্য অভিভাবক এবং জনপ্রতিনিধিদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবনে ‘জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০১২’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন বাঁচতে পারে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে।”
“প্রতি বছর আমি এ অনুষ্ঠানে উপস্থিত হই, কারণ আমি চাই অভিভাবকরা ঠিক সময়মতো তাদের শিশুদের যেন ভিটামিন এ প্লাস ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ায়।”
শনিবার সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হচ্ছে। এর পাশাপাশি ২ থেকে ৫ বছরের শিশুদের কৃমিনাশক ট্যাবলেটও খাওয়ানো হচ্ছে।
৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙের ক্যাপসুল থেকে এবং ১ থেকে ৫ বছর বয়সি শিশুদের লাল রঙয়ের ক্যাপসুল থেকে ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে।
এ বছর দেশজুড়ে ১ লাখ ৪০ হাজার টিকাদান কেন্দ্রে ২ কোটি ৫৮ লাখ শিশুকে ভিটামিন এ-প্লাস টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে। মোট কেন্দ্রের মধ্যে অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২০ হাজার।
প্রধানমন্ত্রী জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, “সকল স্তরের জনপ্রতিনিধিদেরও এটি একটি দায়িত্ব্। আপনাদেরও উদ্যোগ নিতে হবে, যাতে সব শিশু এ প্রতিষেধক নিতে পারে।”
সবার সমন্বিত উদ্যোগে এ কর্মসূচি সফল করার আহ্বানও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আজকের শিশুরাই সুস্থ্য-সবল হয়ে দেশকে এগিয়ে নিতে পারবে।
“আমাদের উদ্যোগ নিতে হবে, যেন আমরা ঠিক সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি।”
সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন উদ্যোগে সাফল্য পাওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, “শিশুরা যেনো ভালো থাকে, সেজন্য আমরা দায়িত্ব নিয়ে কাজ করতে চাই।”
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন কার্টুন সিসিমপুরের চরিত্র হালুম ও টুকটুকি উপস্থিত শিশুদের সঙ্গে নাচ-গান করে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলেই সাফল্য আসবে।
মা ও শিশু মৃত্যুর হার শূন্যের কোটায় নিয়ে আসতে ২০১৫ সালের আগেই সরকার লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরআরডি/এমআই/১৪০০ ঘ.
bdnews24