ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা এবং আগরতলার মধ্যে সড়ক যোগাযোগের ব্যাপ্তি বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ও অরুণাচলের মুখ্যমন্ত্রী নবম টুকি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য দুটির মুখ্যমন্ত্রীরা বৃহস্পতিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
বৈঠকে দুই রাজ্যের পাশাপাশি আসামের মন্ত্রী এবং রাজ্যগুলোর নেতৃস্থানীয় ব্যবসায়ীরা দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব।
তারা শেখ হাসিনাকে বলেছেন, তিনি ক্ষমতায় আসার পর দু’দেশের মধ্যে বিভিন্নমুখী উদ্যোগের ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জনগণের আর্থ-সামজিক এবং জীবনমানের উন্নয়ন হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে সড়ক ও রেলপথে যোগাযোগের ব্যাপ্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেন বলে বিজন লালদেব জানান।
জ্বালানি, পর্যটন এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
মুখ্যমন্ত্রী নবম টুকি তার রাজ্যে জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়টি জানিয়ে তা আমদানি কিংবা এই ক্ষেত্রে যৌথ বিনিয়োগের পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৩৫ ঘ.
bdnews24