গাজীপুর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার রাতে বড়গাঁও বাজার থেকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে রামচন্দ্রপুর এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে মামুনকে ছিনিয়ে নিয়ে খুন করে।
মামুন কালীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামের হোসেন আলীর ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবুল জানান, মামুন একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
এদিকে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কালীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বরখাস্ত হওয়া উপপরিদর্শক নৃপেন।
মামুনের বড় ভাই নাজমুল হোসেন ভুইয়া জানান, ৬/৭ মাস আগে মোবাইল ফোনে মামুনকে হত্যার হুমকি দিলে কালীগঞ্জ থানায় একাধিক জিডি করা হয়। এ সব জিডিতে মুক্তারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরণের এক সহযোগীর নাম রয়েছে।
মামুনের ভাতিজা সাইদুল ইসলাম জানান, প্রায় একমাস আগে প্রতিপক্ষ তোরণের সহকর্মী সাবেক ইউপি সদস্য আব্দুল হেকিমের সঙ্গে মারামারির ঘটনায় মামুনের বিরুদ্ধে একটি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৩৮ ঘ.
bdnews24