সিরাজগঞ্জ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক কৃষক হত্যা মামলায় একই পরিবারের পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আব্দুস সালেক আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন বলে জানান আইনজীবী।
দণ্ডপ্রাপ্তরা হলেন- তাড়াশ উপজেলার বেত্রাশিন গ্রামের খইমুদ্দিনের ছেলে ইব্রাহীম হোসেন, তার ছেলে মোস্তাফা কামাল ও আব্দুল রানা, কবির উদ্দিন এবং তার ছেলে রাব্বানী হোসেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান সাংবাদিকদের জানান, ২০০২ সালের ২৮ মে একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কৃষক আব্দুল মান্নান একটি বিরোধপূর্ণ জমিতে ধান কাটছিলেন। এসময় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে সিরাজগঞ্জ ও পরে মান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর আব্দুল মান্নান মারা যান।
এ ঘটনায় মান্নানের বড় ভাই রাশেদুল হাসান বাদী হয়ে ৬ জনকে আসামি করে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৩ সালের ৩০ জানুয়ারি পুলিশ ছয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
আদালত রায়ে পাঁচ জনকে যাবজ্জীবন দণ্ড ও পরিবারের সদস্য কোহিনুর বেগমকে বেকসুর খালাস দেয়।
আইনজীবী জানান, পাঁচ জনকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৩০ ঘ.
bdnews24