২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদের আরেকটি যুদ্ধাপরাধের অভিযোগের শুনানি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরো একটি অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 11:54 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরো একটি অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি শেষ করেছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউটার মোখলেসুর রহমান বাদল এ বিষয়ে শুনানি করেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, “গত জানুয়ারি ফরমাল চার্জ জমা দেওয়ার পর এই অভিযোগটি আমাদের কাছে এসেছে। তাই ফরমাল চার্জ সংশোধনের জন্য আমরা আবেদন করেছি। কেননা আইনে শুনানির যে কোনো পর্যায়েই নতুন অভিযোগ অন্তর্ভুক্ত করার বিষয়টি উল্লেখ রয়েছে।” তখন ট্রাইব্যুনাল প্রসিকিউটারকে জিজ্ঞাসা করেন, এই ধরনের কোনো দৃষ্টান্ত ট্রাইব্যুানালে রয়েছে কি না? জবাবে বাদল বলেন, “এটা বলতে পারব না, তবে প্রস্তুতি নিয়ে বলতে হবে।” এরপর ট্রাইব্যুনাল আগামী ৫ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন। ওই দিন এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী বক্তব্য রাখবেন। গণহত্যার নতুন অভিযোগ মুজাহিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে গণহত্যার নতুন অভিযোগে বলা হয়েছে; একাত্তরের ১৩ মে কোতোয়ালি থানার বাগচর এলাকায় তার নেতৃত্বে হিন্দু স¤প্রদায়ের ১০ জনকে হত্যা করা হয়। ওই দিন মুজাহিদ পাকিস্তানি পতাকাবাহী একটি হুড খোলা জিপে করে স্থানীয় কালু রাজাকারসহ বেশ কয়েকজন সহযোগীকে নিয়ে হামলায় অংশ নেন। গত ১১ মার্চ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুরু হয়। তার বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের জুন মাসে গ্রেপ্তার হন চারদলীয় জোট সরকারের এই মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭৫০ ঘ.