ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত-আধা স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠান এবং কর্পোরেশনে চাকরিতে যোগ দিতে প্রতিবন্ধীদের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদারের স্বাক্ষরে বৃহস্পতিবার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে দেওয়া এক পত্রে এ বিষয়টি জানানো হয়েছে।
২৮ মে স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, শারীরিক প্রতিবন্ধীদের জন্য এসব ক্ষেত্রে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার চিঠিটি সংশ্লিষ্ট সবার কাছে বিলি করা হয়েছে।
সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অধীনস্থ সব পর্যায়ের নিয়োগকারী কর্তৃপক্ষকে এ নির্দেশনা অনুযায়ী জনবল নিয়োগের নির্দেশনা দেওয়ারও অনুরোধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24