ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে উত্তরার আজমপুর থেকে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা শুরু করেছেন খালেদা জিয়া।
বিরোধী দলের নেত্রী বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানার ১৯টি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।
জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বুধবার থেকে রাজধানীসহ সারা দেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীতে ৪ দিন দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
বিকালে বনানী কমিউনিটি সেন্টারে দিনের সর্বশেষ কর্মসূচি হবে বলে জানান প্রেস সচিব।
উত্তরার আজমপুরে খাবার বিতরণের সময় খালেদা জিয়ার সঙ্গে দলের সহসভাপতি সেলিমা রহমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল ও কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।
১৯৮১ সালের ৩০ শে মে জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। বিএনপি এ দিনটি তার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৩০৮ ঘ.
bdnews24