ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মহানগর হাকিম আদালতে এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় দুই পুলিশ সদস্য ও সোর্সসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার শিকার তরুণীর মা রেবা বেগম বুধবার মধ্যরাতে কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করেন।
থানার সহকারী উপ পরিদর্শক উদয় কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবু নামে পুলিশের এক সোর্সকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে কোতোয়ালি থানার উপ পরিদর্শক নাজমুল হুদা, পুলিশ সদস্য জামানসহ অজ্ঞাত পরিচয় আরো দুই জনকে।
বাবার সঙ্গে মোটর সাইকেলে করে মঙ্গলবার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে যাওয়ার পর পুলিশের সঙ্গে ওই তরুণীর কথা কাটাকাটি হয়। এরপর পুলিশ তাকে টেনে-হিঁচড়ে আদালতপাড়ায় পুলিশ ক্লাবে ঢোকায় এবং তার শ্লীলতাহানি করে বলে প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান।
ওই তরুণীকে আটকের খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হন তিন সাংবাদিক ও দুই আইনজীবী।
এ নিয়ে তীব্র সমালোচনা হলে সন্ধ্যায় সহকারী উপপরিদর্শক নূরুজ্জামান সরকার ও আমির আফজাল বিপ্লবকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে একটি কমিটি করে পুলিশ।
ওই তরুণীকে পুলিশ দিনভর আটকে রাখলেও সন্ধ্যার পর আইন-সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের হেফাজতে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় আট পুলিশ কর্মকর্তাকে আগামী ৬ জুন হাজির হয়ে নিজেদের সংশ্লিষ্টতার ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানাতে চেয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১২০০ ঘ.
bdnews24