লাবলু আনসার
নিউইয়র্ক থেকে
নিউইয়র্ক, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে মারা যাওয়া সাত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১১২ জনকে ‘দ্যগ হেমারশোল্ড’ পদক দিয়েছে জাতিসংঘ।
বাংলাদেশি সাতজন হলেন মেজর কেএম জিয়াউল হক, ক্যাপ্টেন ইফতেখার আলম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুস সালাম, কর্পোরাল ইউনুস সালাম, স্পেশাল সুপারিন্টেন্ডেন্ট অব পুলিস আব্দুল মালেকুর দর্জি, সিনিয়র এএসপি মোহাম্মদ সাইদুর রহমান এবং কনস্টেবল মোহাম্মদ নাসিরউদ্দিন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার (২৯ মে) সংস্থার সদরদপ্তরে ‘আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক হস্তান্তর করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রয়াত এই বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের পক্ষে পদক গ্রহণ করেন।
‘শান্তিরক্ষা হচ্ছে বিশ্বব্যাপী অংশিদারিত্বের অনন্য উদাহরণ’ শ্লোগান নিয়ে এবারের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস’র অনুষ্ঠানে বান কি-মুন বলেন, দাঙ্গা হাঙ্গামা মিটিয়ে ফেলার মহান ব্রত নিয়ে দায়িত্ব পালনকালে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে পেরে জাতিসংঘ গর্বিত।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশ নিয়ে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন ভারতীয়রা। এ সংখ্যা হল ১৪৩। এরপর রয়েছে ঘানার ১৩০, পাকিস্তানের ১২৮, নাইজেরিয়ার ১২২, কানাডার ১২১, বাংলাদেশের ১০৮, ফ্রান্সের ১০৮, যুক্তরাজ্যের ১০৩, যুক্তরাষ্ট্রের ৭০ এবং সুইডেন ও নেপালের ৬৭ জন করে।
বিশ্বের সংঘাতপ্রবণ এলাকাগুলোতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালে যাত্রা শুরু করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন।
মিশনের ৬৪ বছরের ইতিহাসে ৬৭টি শান্তিরক্ষা অভিযানে বিভিন্ন দেশের মোট ২ হাজার ৯৯৪ জন দায়িত্ব পালনকালে মারা গেছেন।
জাতিসংঘের এই মিশনে সদস্য অংশগ্রহণের দিক থেকে বিশ্বে সর্বোচ্চ স্থানে রয়েছে বাংলাদেশ। বাহিনীর মোট সদস্যের ১০ দশমিক ৭ শতাংশ হচ্ছে বাংলাদেশি।
বর্তমান সামরিক বাহিনীর ৮ হাজার ৫৫৯ জন ও পুলিশের ২ হাজার ৯৪ জন এই মিশনে কর্মরত রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24