২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নারায়ণগঞ্জ শহরে গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

নারায়ণগঞ্জ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে গুলি চালিয়ে এক ব্যবসায়ীর কয়েক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে শহরের মাসদাইর পুলিশ লাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. জসিমউদ্দিনকে (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিমউদ্দিনের বরাত দিয়ে ওসি আব্দুল মতিন সাংবাদিকদের জানান, বুধবার দুপুর ১২টায় ইসলামী সোশ্যাল ইনভেষ্টমেন্ট ব্যাংকের ফতুল্লা বাজার শাখা থেকে ৪ লাখ টাকা তুলে একটি ব্যাটারিচালিত রিকশায় চড়ে শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় যাচ্ছিলেন তিনি। “মাসদাইর পুলিশ লাইন এলাকায় পুরান লোহার মার্কেটের সামনে দুটি মটর সাইকেলে আসা পাঁচ ছিনতাইকারী রিকশা আটকে ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে জসিমউদ্দিনের পেটে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা,” বলেন ওসি। তিনি জানান, ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে এক লাখ টাকা পড়ে যায়। জসিমউদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা আরো দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তাকে প্রথমে শহরের খানপুরে অবস্থিত ২শ’ শয্যার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। জসিমউদ্দিন শহরের আল্লামা ইকবাল রোড এলাকার আবদুর রশিদের ছেলে। ওসি মতিন বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ব্যবসায়ীর খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২০৪০ ঘ.