২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিমন্ত্রীর পরামর্শ অযাচিত’

পুলিশি নির্যাতনের ঘটনায় সংঘর্ষস্থলে সাংবাদিকদের ‘নিরাপদ’ দূরত্বে থাকার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বক্তব্যের সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশি নির্যাতনের ঘটনায় সংঘর্ষস্থলে সাংবাদিকদের ‘নিরাপদ’ দূরত্বে থাকার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বক্তব্যের সমালোচনা করেছেন সাংবাদিক নেতারা। বুধবার এক বিবৃতিতে তারা বলেন, এর ফলে সাংবাদিকদের ওপর পুলিশের নির্যাতন ও দমন-পীড়ন আরো বেড়ে যাবে। “আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনের সময়ে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। তাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকার প্রতিমন্ত্রীর পরামর্শ স্বাধীন গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ।” গত শনিবার আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সময় দায়িত্ব পালনরত প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে মারধর করে পুলিশ। ওই প্রসঙ্গ ধরে মঙ্গলবার প্রতিমন্ত্রী বলেছিলেন, “সংঘর্ষস্থলে সাংবাদিকরা নিরাপদ দূরত্বে থাকলে এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়ানো যায়।” তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যৌথভাবে বিবৃতি দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, অন্য অংংশের ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি আবদুস শহীদ ও ওমর ফারুক, সাধারণ সম্পাদক বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। বিবৃতিতে নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। গত মঙ্গলবার ঢাকার আদালতে তিন সাংবাদিকের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে এতে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানানো হয়। সাংবাদিক নেতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় দুই সাংবাদিকের ওপর হামলারও নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, “এভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলা অব্যাহত থাকলে তা স্বাধীন গণমাধ্যমের পথ রুদ্ধ হবে। গণতন্ত্র ও বাক স্বাধীনতা হুমকির মুখে পড়বে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৫ ঘ.