ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার সিলেট, ঝালকাঠি ও মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে।
সিলেট প্রতিনিধি জানান, স্থানীয় অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানবন্ধন হয়।
মানববন্ধনে সিলেট সচেতন নাগরিক কমিটির সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট’র সাধারণ সম্পাদক শাহীন আহমদ খান, ব্লাস্ট-এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, মহিলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দা শিরিন আক্তার, মনীপুরী মহিলা সমিতির সভানেত্রী এস রানী দেবী, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিত চৌধুরী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহাব উদ্দিন শিহাবসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন সমাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নেয়।
সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও নির্যাতনে উদ্বেগ জানিয়ে অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
ঝালকাঠী প্রতিনিধি জানান, পুরাতন স্টেডিয়ামের সামনে সকাল ১০টায় সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন হয়।
ইলেকট্রনিকস, প্রিন্ট, বেতার ও অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেয়।
মানবন্ধনে অন্যদের মধ্যে ঝালকাঠী প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি জিয়াউল হাসান পলাশ, ঝালকাঠী মিডিয়াক্লাবের সভাপতি পলাশ রায় ও সম্পাদক অলোক প্রমুখ বক্তব্য দেন।
সারা দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামালার দৃষ্টিন্তমূলক বিচার দাবি করেন তারা।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল চৌমোহনী চত্বরে বেলা ১১টা থেকে আধা ঘণ্টার মানববন্ধনে সেখানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
মানববন্ধনে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, প্রথম আলোর বিশ্বজ্যোতি চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামরুল আম্বিয়া, চ্যানেল ৭১ এর আহমেদ ফারুক মিল¬াদ, একুশে টিভির বিকুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/আরএ/১২৫৮ ঘ.
bdnews24