কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে শরীয়তপুরে বেড়াতে যাওয়ার পথে কেরানীগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন পরস্পরের স্বজন।
মাইক্রোবাসের ১৩ আরোহীর মধ্যে বেঁচে গেছে কেবল ১২ বছর বয়সী এক শিশু। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর ৬টার পর কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
“মাইক্রোবাসটি ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। আর বরিশাল থেকে সাকুরা পরিবহনের বাসটি যাচ্ছিল ঢাকার দিকে। রাজেন্দ্রপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের ঢালে গিয়ে পড়ে।”
ঘটনাস্থলে উপস্থিত র্যাব-১০ এ উপপরিদর্শক মো. কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে দশ জনের লাশ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে পাঠানোর পর মারা যায় আরো দুই জন।
ওসি সাখাওয়াত হোসেন জানান, নিহতদের মধ্যে ১১ জন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির সর্দারের আত্মীয় ও পরিবারের সদস্য। মাইক্রোবাসের চালকও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতরা হলেন- জাকির সর্দারের স্ত্রী বেবী (৪৫) ও তাদের মেয়ে নবম শ্রেণীর ছাত্রী দিলরুবা আক্তার লুবনা (১৫); জাকিরের বড় বোন মিনা বেগম (৫০) ও তার ছেলে সায়েম হাসান বাবু (২৫); জাকিরের ছোট বোন রোজিনা আক্তার (৩৮), তার স্বামী সাউথ ইস্ট ব্যাংকের প্রধান শাখার নির্বাহী কর্মকর্তা লেনিন (৪০), তাদের ছেলে ইয়াস (১০) ও মেয়ে ইসরাত (২) এবং জাকিরের মেজ বোনের মেয়ে তানজিয়া আক্তার মনি (১১) ও তাদের গৃহকর্মী খুশি আক্তার (১৫) ও মনি (১২)।
মাইক্রোবাসের নিহত চালকের নাম সোহেল রানা বলে ওসি জানান।
রোজিনার বাসার গৃহকর্মী স্বপ্না (১২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।
জাকির সর্দারের চাচাত ভাই খোকন সর্দার হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, তাদের তিন বোন পরিবার নিয়ে রাজধানীতে থাকেন। প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে ছেলেমেয়েদের নিয়ে আরশিনগরের চর ফেলিজে গ্রামের বাড়িতে যান তারা। এবারও সেখানে যাওয়ার পথেই লাশ হতে হলো তাদের।
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিনুর, সেন্টু ও জুলহাস নামের তিন জন আহত অবস্থায় এসে চিকিৎসা নিয়ে গেছেন। তারা দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী বলে জানিয়েছেন।
জাকির সর্দারের ফুপাতো ভাই ড. সোবহান জানান, জাকিরের স্ত্রী বেবী, মেয়ে লুবনা, মেজ বোনের মেয়ে তানজিয়া ও দুই গৃহকর্মী খুশি ও মনির লাশ স্বর্ণদ্বীপ-৮ লঞ্চে করে শরীয়তপুর নিয়ে যাওয়া হবে। আর লেনিন, তার স্ত্রী রোজিনা, ছেলে ইয়াস ও মেয়ে ইসরাতের লাশ আজিমপুরে দাফন করা হবে।
পুলিশ দুপুরেই চালক সোহেল রানার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।
সোবহান আরো জানান, নিহত মিনার বড় ছেলে সাঈদ হাসান মিশু বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি বর্তমানে কঙ্গোতে জাতিসংঘের মিশনে কর্মরত রয়েছেন। মিশু ফিরলেই মিনা ও বাবুর লাশ দাফন করা হবে।
বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আলভী ফোরদৌস খান জানান, মিশু ইতোমধ্যে মায়ের মৃত্যুর খবর শুনেছেন। দুই-তিন দিনের মধ্যে তিনি দেশে ফিরবেন। এই সময়ে তার মা ও ভাইয়ের লাশ কেন্দ্রীয় সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে।
সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বুধ ও বৃহস্পতিবার ছুটি নিয়েছিলেন লেনিন। শনিবার তার ফিরে আসার কথা ছিলো।
লেনিনের ছেলে ইয়াস ধানমণ্ডির একটি স্কুলে কেজি টুতে পড়তো বলে জানান তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, মাওয়া পর্যন্ত ‘রোড ডিভাইডার’ নির্মাণ করা হলে এই সড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসতো বলে তার ধারণা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24