সিলেট, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছরের জুলাই থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সেদেশের সহকারী পররাষ্ট্র মন্ত্রী অ্যালিস্টার বার্ট।
মঙ্গলবার সিলেটে বার্ট বলেন, নতুন পদ্ধতিতে ব্যবসায়ীরা অতিরিক্ত ফি দিয়ে দ্রুততম সময়ে ভিসা পাবেন।
নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং বৃটিশ হাই কমিশনের তথ্য কর্মকর্তা সৈয়দা নাজনীন ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ডিএফআইডির অর্থ সহায়তায় নগর দারিদ্র বিমোচন কর্মসূচির একটি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন।
অ্যালিস্টার বার্ট বলেন, ব্রিটেনের ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন প্রত্যাখ্যান হলে ১ জুলাই থেকে আপিল করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে নতুনভাবে আবেদন করতে হবে ভিসাপ্রার্থীকে।
এছাড়া জুলাই থেকে সেটেলমেন্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রেও এই নীতিমালা চালু হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৃটিশ মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে বর্তমান যেসব শিক্ষার্থী কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন, তাদের ব্যাপারে ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ কর্মকর্তা বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন।
নীতিমালা অনুযায়ী কলেজ বন্ধ হলে ছয় সপ্তাহের মধ্যে ওই শিক্ষার্থীকে অন্যত্র ভর্তি হতে হয় বলে জানান অ্যালিস্টার বার্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.
bdnews24