২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনি’র এমডি-চেয়ারম্যানকে দুদকের জিজ্ঞাসাবাদ

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ চার কর্মকর্তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর ৩৭টি সহযোগী প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানগুলোর শীর্ষ চার কর্মকর্তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, চেয়ারম্যান মাহমুদ হোসেন, পরিচালক গোফরানুল হক ও সাইদ-উর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে রফিকুল আমীন সাংবাদিকদের বলেছেন, “জিজ্ঞাসাবাদে আমরা দুই পক্ষই সন্তুষ্ট। অনেক বিষয়ে কথা হয়েছে। একদিনে তা শেষ করা সম্ভব নয়। বুধবার আবার আমাকে আসতে হবে।” গত রোববার গ্রাহকদের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে জিজ্ঞাসাবাদ করতে ডেসটিনির ওই চারজনসহ ১২ কর্মকর্তাকে নোটিশ দেয় দুদক। নোটিশ পাওয়া অন্যরা হলেন- পরিচালক সাজ্জাদ হোসেন, মেজবাহ উদ্দিন স্বপন, ইরফান আহমেদ সানি, তারিকুল হুদা সরকার, হোসনে আরা ইসলাম, ফারাহ দীবা, সেলিনা রহমান ও মিতু রানী বিশ্বাস। এদের মধ্যে বুধবার চারজন ও বৃহস্পতিবার চারজনকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। সাংবাদিকদের রফিকুল আমীন বলেন, “আমাদের বিরুদ্ধে ৪ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার যে অভিযোগ এসেছে তা ঠিক নয়। চেকের মাধ্যমে এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা নেওয়া হয়েছে। কেননা এই প্রতিষ্ঠানের টাকা নগদ লেনদেন হয় না।” একশ কোটি টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে আমি দুদকে বিস্তারিত বলেছি।” ‘বেশ সময় লাগবে’ ডেসটিনির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে ‘বেশ’ সময় লাগবে বলে মন্তব্য করেছে দুদক চেয়ারমান গোলাম রহমান। মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এটি অনেক বড় একটি প্রতিষ্ঠান। এর বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা তদন্ত করতে বেশ সময় লাগবে। এ জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া যাবে না। যতটুকু সময় লাগবে আমরা তা দেবো। তবে প্রমাণ পেলে অপরাধী যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না।” এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “ডেসটিনির অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা কোনো প্রতিবেদন পাইনি। গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” দুদকের প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের তদন্তে ডেসটিনির আর্থিক অনিয়ম ধরা পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ওই অনিয়ম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলামকে নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। প্রায় দুই মাস অনুসন্ধান শেষে গত ২৩ মে কমিশনে প্রতিবেদন জমা দেয় তদন্ত দল। এতে ডেসটিনি ২০০০ লিমিটেড এবং এর সহযোগী অপর প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে উল্লেখ করে তদন্ত দল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির শীর্ষ ব্যক্তিরা কয়েকশ’ কোটি টাকার দুর্নীতি করেছে। এছাড়া বিদেশ থেকে কম দামে পণ্য আমদানি এবং দেশের মধ্যে কম দামে জমি কিনে তা গ্রাহকদের কাছে বেশি দাম দেখানো হয়েছে। আর ওই অতিরিক্ত অর্থ কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কর্মকর্তারা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সরিয়ে নেওয়া অর্থের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে এমএলএম কোম্পানির ৬৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রায় ৫ হাজার ৯৬০ কোটি টাকা সংগ্রহ করে ডেসটিনি। এর মধ্যে ৩ হাজার ৫ শ’ ৮৮ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। ট্রি প্লান্টেশনের বিভিন্ন প্যাকেজ বিক্রি করে গ্রাহকদের কাছ থেকে ১৩৩ টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৯২১ কোটি টাকা সংগ্রহ করা হয়। ওই অর্থের মধ্যে ৯০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এছাড়াও ডেসটিনি মাল্টিপারপাসের নামে বিভিন্ন মাধ্যমে প্রায় ১ হাজার ৪শ’ ৪০ কোটি টাকা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ হাজার ৪শ’ ১৮ কোটি টাকা তুলে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১২২ ঘ.