গাইবান্ধা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দু’টি গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ফেরদৌস আলমের (৩৮) মৃত্যু হয়। তিনি কুমিরাডাঙ্গা গ্রামের রইস উদ্দিনের ছেলে।
সোমবার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর ও কুমিরাডাঙ্গা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ওসি শেখ দেলোয়ার হোসেন আরো বলেন, এ সংঘর্ষের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে দুই গ্রামের তিনশ’ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার সাত জনকে মঙ্গলবার গাইবান্ধা জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০০০ ঘ.
bdnews24