২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় সংঘর্ষে ৫ নৌডাকাত নিহত

ভোলার চরফ্যাশন উপজেলায় পুলিশের গুলি এবং জনতার পিটুনিতে পাঁচ নৌডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ভোলায়, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন উপজেলায় পুলিশের গুলি এবং জনতার পিটুনিতে পাঁচ নৌডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগর মোহনার ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ঢালচর ইউপি চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০-৩৫ জনের একটি দল দুপুরে ভাসানচরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে এলাকাবাসী ও জেলেরা পুলিশকে খবর দেয়। চরফ্যাশন থানা এবং ঢালচর পুলিশ ফাঁড়ির সদস্যরা দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও জেলেদের সহায়তায় তাদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময় হয়। “এসময় গুলিবিদ্ধ হয়ে এবং জনতার পিটুনিতে পাঁচ ডাকাত নিহত এবং দুইজন গুরুতর আহত হয়,” যোগ করেন চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারী। পাঁচজন নিহত হওয়ার কথা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম নিশ্চিত করতে পারেননি চরফ্যাশন থানার ওসি মো. রিয়াজ হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে দুইটি শটগান, সাতটি পাইপগান, ১৬ রাউন্ড গুলি, ২৫টি বগি দা এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ দেশি অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বিকাল ৫টার দিকে পুলিশ অভিযান শেষ করে চরফ্যাশনে রওয়ানা হয়েছে। লাশ থানায় নিয়ে আসতে রাত ৮টা বেজে যাবে বলে জানান ওসি। ঢালচরের মৎস্য ব্যবসায়ী মাহাবুব জানান, ডাকাত নিহত হওয়ার খবরে সেখানকার জেলেরা আনন্দ প্রকাশ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯০০ ঘ.