সিরাজগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরও তিনজন অ্যানথাক্স আক্রান্ত রোগীকে সনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার জেলা সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে এক শিশুসহ নতুন করে তিনজন এ রোগে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে গত ৩ দিনে আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৪।
গত রোববার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে ২৭ জনের শরীরে অ্যানথ্রাক্স জীবাণু সংক্রামণ সনাক্ত করা হয়। এরপর সোমবার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামের তিনজন ও পূর্ণিমাগাতী ইউনিয়নের পূর্ণিমাগাতী গ্রামের একজন অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে সনাক্ত করা হয়।
গত বছর মে-জুনে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুরে প্রায় পাঁচশ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ হয়।
জেলা সিভিল সার্জন ডা. নাজিম আরো জানান, অ্যানথ্যাক্স জীবাণুতে আক্রান্ত হওয়ার লক্ষণ বিভিন্ন সময়ে প্রকাশ পেতে পারে। তাই এখনও নতুন নতুন রোগী সনাক্ত হচ্ছে।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর রাম চন্দ্র সাহা মিলন জানান, এ রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য ও প্রানি সম্পদ বিভাগ আক্রান্ত এলাকায় নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে।
অ্যানথ্রাক্স আক্রান্ত গৃহপালিত পশুর সংস্পর্শে এলে এ রোগের জীবাণু মানুষের শরীরে যায়। তবে মানুষ থেকে মানুষে এর সংক্রমণ হয় না।
আক্রান্ত গবাদি পশু জবাই না করার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন।
মঙ্গলবার সনাক্ত সনাক্ত রোগীদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২৩ ঘ.
bdnews24