২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহায়তা পাবে বাহরাইনে নিহতদের পরিবার

বাহরাইনে ঘরে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে ঘরে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নিহত ১০ বাংলাদেশির প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ‘প্রবাসী কল্যাণ বোর্ড’ ক্ষতিপূরণের অর্থ দেবে। কল্যাণ বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এই আর্থিক সহায়তার পাশাপাশি মানামা থেকে লাশ দেশে এনে দাফনের সব খরচও সরকারই বহন করবে। মন্ত্রী জানান, বাহরাইনে মৃত এসব বাংলাদেশির নিয়োগকর্তা বা চাকরিদাতাদের কাছ থেকেও উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করা হবে। এজন্য দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বাহরাইনে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল না করায় গালফ এয়ারে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। কবে লাশ দেশে আসছে জানতে চাইলে খন্দকার মোশাররফ বলেন, সব প্রস্তুতি নিয়ে দিনক্ষণ চূড়ান্ত করা হবে। গত রোববার বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে একটি বাড়িতে আগুন লাগে। এর ফলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান ১০ বাংলাদেশি। তাদের মধ্যে ৯ জনের বাড়ি কুমিল্লায়, একজনের চাঁদপুরে। নিহত এসব বাংলাদেশির মৃতদেহ দেশে ফিরিয়ে আনার পর ময়নাতদন্ত করা হবে কী না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের পরিবার চাইলে অবশ্যই ময়নাতদন্ত হবে। তবে বাহরাইনে স্থানীয়ভাবে তাদের ময়নাতদন্ত করা হয়েছে। এদিকে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ ইব্রাহিম সোমবার জানিয়েছেন, ধোঁয়া থেকে সৃষ্ট কার্বন মনোঅক্সাইডক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত শেষে নিশ্চিত করেছে বাহরাইন সরকার। দেশটির প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফা ঘটনা দ্রুত তদন্ত করতে স্থানীয় অভ্যন্তরীণ শ্রম, পৌরসভা ও নগর পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন প্রিন্স সালমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসইউ/১৬২৮ ঘ.