চট্টগ্রাম, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি পোড়ানোর মামলায় চট্টগ্রাম নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দ্রুত বিচার আইনের এ মামলার ধার্য তারিখে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন।
তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বুধবার চট্টগ্রামে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এর আগে শামসুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সোমবার বিচারিক আদালতে হাজির হন।
এরপর দ্রুতবিচার আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত সাতকানিয়া থেকে নির্বাচিত এই সংসদ সদস্যকে জামিন দিয়েছিলেন।
জামায়াত নেতার আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একদিন আগে জামিন দিয়ে পরদিন তা বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দুঃখজনক।”
আগামী ৫ জুন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
গত ১৩ মে নগরীর কাজীর দেউরী ও নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হয়। সেদিন তিনটি গাড়ি পোড়ানো এবং অর্ধশত যানবাহন ভাংচুর করে বিএনপি-জামায়াতকর্মীরা।
এই ঘটনায় কোতোয়ালি ও খুলশী থানায় পুলিশ বাদি হয়ে দ্রুত বিচার আইনে তিনটিসহ মোট ছয়টি মামলা করে। এতে বিএনপি ও জামায়াত নেতাসহ অনেককেই আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৬৩৬ ঘ.
bdnews24