২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন সারাদেশের সাংবাদিকরা। বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন সারাদেশের সাংবাদিকরা। বিভিন্ন সংগঠন প্রতিবাদ কর্মসূচিও পালন করেছে। সোমবার রাতে এই হামলার পরপরই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও সারাদেশের প্রেসক্লাবগুলো নিন্দা জানিয়ে বিবৃতি দিতে থাকে। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসাইন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে সাংবাদিকরা এখন কতোটা ঝুঁকির মধ্যে রয়েছে। তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। সোমবার রাতে মহাখালীর আমতলিতে কার্যালয়ের নিচে সাংবাদিক রিফাত নেওয়াজ ও সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমকে এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। হামলায় আহত হন অফিস সহকারী রুহুল আমিনসহ আরো কয়েকজন সংবাদকর্মী। পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওজাব), ল’ রিপোর্টার্স ফোরাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ময়মনসিংহ সিটি প্রেস ক্লাব, নোয়াখালী প্রেসক্লাব, নোয়াখালী সাংবাদিক ইউনিটি, বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোটার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় সাংবাদিক ইউনিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট, পটুয়াখালী প্রেসক্লাব, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন, সুনামগঞ্জ প্রেসক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, দিনাজপুর প্রেস ক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর টিভি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচিরও ঘোষণা করেছে। ময়মনসিংহ সিটি প্রেসক্লাব, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, কুষ্টিয়া প্রেসক্লাব এবং দিনাজপুরে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। হামলার জন্যে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাংবাদিক মহল এবং সুধীজনরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/আরএ/১৩২৫ ঘ.