ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
সাংবাদিকদের ওপর এই হামলায় উদ্বেগও প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন।
সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ের সামনে দুই সাংবাদিক ও এক সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলার খবর শুনে খালেদা জিয়া এর নিন্দা জানান।
তিনি বলেন, “এই ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলার আরেকটি ন্যক্কারজনক নজির।”
বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এই বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়।
খালেদা জিয়া বলেন, “এই সন্ত্রাসী হামলার ঘটনায় প্রমাণ করে দেশে আজ আর কোথাও কারো নিরাপত্তা নেই।”
আহত সাংবাদিক ও সংবাদকর্মীর সুচিকিৎসার বন্দোবস্ত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২৩৪৫ ঘ.
bdnews24