ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা ও অর্থ আত্মসাতের তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর পরিচালক (প্রশাসন) খন্দকার মুকিত আল মাহমুদকে নয় দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান সোমবার এই আদেশ দেন।
আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর থানা পুলিশ মুকিতকে আদালতে হাজির করে তিনটি মামলায় ১৯ দিনের হেফাজতে চায়। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিন দিন করে মোট নয় দিনের হেফাজত মঞ্জুর করেন।
রোববার রাতে উত্তরার রাজলক্ষ্মী এলাকা থেকে মুকিতকে ধরে পুলিশে সোপর্দ করে ইউনিপেটুর গ্রাহকরা। রাতেই তাকে গেপ্তার করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, মুকিতের বিরুদ্ধে ১৯টির বেশি প্রতারণার মামলা রয়েছে। এসব মামলায় প্রায় ছয় লাখ গ্রাহকের ৪১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
গত ৬ মে ইউনিপেটুর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমন ও মহাব্যবস্থাপক (জিএম) জামসেদুর রহমানকে গেপ্তার করে পুলিশ।
২০১০ সালের শেষ দিকে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা রাস্তায় নামে। এরপর ইউনিপেটুইউর কার্যক্রম বন্ধ করে দিয়ে এমএলএম ব্যবসাকে একটি নীতিমালার মধ্যে আনার উদ্যোগ নেয় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/জেকে/১৭১৯ ঘ.
bdnews24