গাইবান্ধা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়ে তিনজন মারা গেছে। আহত হয়েছে ১২ জন।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাইয়াগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার তরফমনু গ্রামের তোতা মিয়া (৪৫), একই গ্রামের মোজাম্মেল হোসেন (৫০) ও বালুপাড়া গ্রামের নাছির উদ্দিন (৪০)।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি ভাংচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি শেখ দেলোয়ার হোসেন জানান, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ওয়ান টু পরিবহনের যাত্রীবাহী বাসটি কাইয়াগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মুদি দোকানে ঢুকে পরে। ওই সময় দোকানের সামনের দাঁড়িয়ে থাকা তোতা মিয়া ও মোজাম্মেল হোসেন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান নাছির।
এছাড়া দোকানের সামনে দাঁড়িয়ে থাকা আরো তিনজনসহ ১২ বাস যাত্রী আহত হয়। এদের মধ্যে কাইয়াগঞ্জ গ্রামের পারভেজ চৌধুরী (৪৫), বুলু মিয়া (৩০) ও মদনতাইড় গ্রামের সবুজ মিয়ার (২৮) অবস্থা আশঙ্কাজনক।
ওসি জানান, আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১৩৫ ঘ.
bdnews24