২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অবহেলায় মৃত্যু’, হাসপাতাল ভাংচুর

চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপতালে ভাংচুর চালিয়েছে স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

নারায়ণগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগে নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপতালে ভাংচুর চালিয়েছে স্বজনরা। রোববার দুপুরে নগরীর উকিলপাড়ায় মা মেডিকেল অ্যান্ড জেনারেল হাসপাতালে এই হামলা হয়। মৃতের স্বজনরা জানায়, শনিবার দুপুরে বন্দর উপজেলার নিশং মোদিবাড়ির জনৈক রাসেলের স্ত্রী রোজিনাকে (২৪) ওই হাসপাতালে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসবের জন্য ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয় তাদের। এরপর রোববার রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতালের মালিক ডাক্তার ফেরদৌসি বেগম অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর ভূমিষ্ঠ ছেলে সুস্থ থাকলেও রোজিনার অবস্থার অবনতি হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নারায়ণগগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। তখন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি। নিহতের স্বামী রাসেল অভিযোগ করেন, ডাক্তারের অবহেলায় রোজিনার মৃত্যু হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের মালিক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফেরদৌসি বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্রোপচারের পর রোগী ও নবজাতক ভাল ছিল। কিন্তু হঠাৎ করে রোগীটি নীল হয়ে গেছে। কি কারণে ওই রোগী মারা গেছে তা এনেসথিসিয়া চিকিৎসক রেহেনা ভালো বলতে পারবেন বলে জানান ডা. ফেরদৌসি। সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩১৫ ঘ.