২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহকর্মীর

রাজশাহী রেল স্টেশনের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে তার বাসার এক শিশু গৃহকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

রাজশাহী, ২৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী রেল স্টেশনের অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে তার বাসার এক শিশু গৃহকর্মী। রোববার ওই কর্মকর্তার রাজশাহী নগরীর বাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ার সময় আব্দুরপুর রেল স্টেশন থেকে ১১ বছর বয়সী মেয়েটিকে ফেরত পাঠানো হয়। পরে মহিলা আইনজীবী সমিতি তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মেয়েটি সাংবাদিকদের জানায়, তার বাড়ি দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার চণ্ডিপুরে। বাসায় কাজের পাশাপাশি লেখাপড়ার করানোর আশ্বাস দিয়ে প্রায় চার মাস আগে রাজশাহী নগরীর ভদ্রা আবাসিক এলাকায় মুরাদের বাসায় আনা হয় তাকে। রেলওয়ে পুলিশ, মহিলা আইনজীবী সমিতি ও মেয়েটি সাংবাদিকদের ঘটনার বিবরণ দেয়, মুরাদ হোসেনের নগরীর বাসায় মুক্তারা খাতুন (২০) নামে আরেকজন গৃহকর্মীও আছেন। বৃহস্পতিবার থেকে এস এম মুরাদ খুলনায় রয়েছেন। বাড়িতে ছিলেন শুধু মুক্তারা আর মেয়েটি। মুক্তারাকে ফাঁকি দিয়ে সে পালানোর চেষ্টা করে। মুক্তারার কাছে খবর পেয়ে মুরাদ হোসেন সব স্টেশনে কাজের মেয়ে হারানোর কথা বলে দেন। এরপর আব্দুলপুর রেল স্টেশনে তাকে পেয়ে আবার রাজশাহীগামী ট্রেনে তুলে দেয় পুলিশ। ট্রেনের ভেতর কাঁদতে দেখে আলমগীর কাদরী নামের এক টেক্সটাইল কর্মকর্তা শিশুটিকে সঙ্গে করে রাজশাহী নিয়ে রেলওয়ের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটিকে কোথায় যাবে জিজ্ঞেস করতেই সে আরো জোরে কাঁদতে শুরু করে। “তখন সে তার উপর যৌন নির্যাতনের বর্ণনা দেয়,” বলেন আলমগীর। রাজশাহী জিআরপি থানার ওসি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে আলমগীর কাদরী মেয়েটিকে রাজশাহী রেল স্টেশনের নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন। এরপর তাকে জিআরপি থানায় পাঠানো হয়। পরে তাকে মহিলা আইনজীবী সমিতির কাছে হস্তান্তর করা হলে তারা তাকে হাসপাতালে ভর্তি করে। মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট দিল সিতারা চুনি বলেন, মেয়েটি যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মামলা করা হবে। মহিলা আইনজীবী সমিতি মামলা পরিচালনা করবে। এ ব্যাপারে এস এম মুরাদ হোসেনের দাবি, তিনি মেয়েটিকে কোনো নির্যাতন করেননি। হারিয়ে যাওয়ার আশংকায় তাকে ধরে আনার নির্দেশ দিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০২৮ ঘ.