২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশন দাবিতে রংপুরে হরতাল পালিত

রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে জেলায় জাতীয় পার্টির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 03:00 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

রংপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণা করে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে জেলায় জাতীয় পার্টির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। রোববার সকাল থেকে রংপুর শহরে কোনো যানবাহন চলাচল করেনি। অধিকাংশ দোকান-পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্টুরেন্ট, খাবার দোকান, কাঁচাবাজার, ঔষধের দোকান এবং মাছ-মাংসের বাজারও বন্ধ ছিল। সরকারি-বেসরকারি অফিস খোলা থাকলেও কোথাও কাজ হয়নি। উপস্থিতির হার ছিল খুবই কম। বাণিজ্যিক ব্যাংকগুলোও বন্ধ ছিল। রিকশা-অটোরিকশাসহ কোনো যানবাহন চলাচল করেনি। দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। হরতাল চলাকালে জেলা জাতীয় পার্টি শহরের জাহাজ কোম্পানি মোড়ে সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপা নেতা মোফাজ্জল হোসেন মাষ্টার, শাহানারা বেগম, মালা বেগম, যুব সংহতির জেলা সভাপতি এস এম ইয়াসির আহাম্মদ, ছাত্র সমাজ নেতা আমিনুল ইসলাম প্রমুখ। সভায় সরকারকে ১৫ দিনের ময় দিয়ে বলা হয়,এ সময়ের মধ্যে সিটি করপোরেশন ঘোষণ করা না হলে লাগাতার আন্দোলন করে দাবি আদায় করা হবে । সভা চলাকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা থেকে ফোনে কথা বলেন। তা মাইকে প্রচার করা হয়। এরশাদ হরতাল পালন করায় রংপুরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আন্দোলন করেই দাবি আদায় করতে হবে। ২০১১ সালে ৮ জানুয়ারি রংপুর সফরে গিয়ে একে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় দেড় বছর হতে চললেও সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করেছে। এই দাবিতে শনিবার দুপুরে রংপুর শহরতলীর বিনোদপুর রেলক্রসিংয়ে ঢাকা-রংপুর মহাসড়কে ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে রংপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপুর বিভাগ হিসেবে যাত্রা শুরুর পর পৌর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/ডিডি/২০৫৫ ঘ.