২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২৭ অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৭ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 01:15 PM

Updated : 24 Aug 2022, 11:26 AM

সিরাজগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৭ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। রোববার দুপুরে সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে স্বাস্থ্য বিভাগের একটি দল অ্যানথ্রাক্স জীবাণু আক্রান্তদের শনাক্ত করে। দলনেতা পশু চিকিৎসক দিলীপ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওকৈড় পশ্চিমপাড়ার আব্দুস সামাদের একটি অসুস্থ গরুর মাংস গত ২০ মে গ্রামের লোকজন খায়। “ধারণা করা হচ্ছে গরুটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল,” বলেন তিনি। আক্রান্তদের নিজ বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান দিলীপ কুমার। গত বছর মে-জুনে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুরে প্রায় পাঁচশ জনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণ হয়। অ্যানথ্রাক্স আক্রান্ত গৃহপালিত পশুর সংস্পর্শে এলে এ রোগের জীবাণু মানুষের শরীরে যায়। তবে মানুষ থেকে মানুষে এর সংক্রমণ হয় না। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গরুটিকে অ্যানথ্রাক্স আক্রান্ত অবস্থায় বাইরে থেকে কিনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ বছরখানেক আগে এই এলাকার সব গবাদি পশুর ভ্যাকসিন দেওয়া হয়। যে সমস্ত পশুর ভ্যাকসিন দেয়া হয়নি তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বলে জানান শফিকুল ইসলাম। জেলা সিভিল সার্জন নাজিমুদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় জনসচেতনতামূলক প্রচার কাজ চলছে। আক্রান্ত গবাদি পশুর মাংস না খাওয়ার জন্য জনগণকে অনুরোধ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯১২ ঘ.