নারায়ণগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাঁচপুরে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে সিনহা গার্মেন্টের শ্রমিকরা নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে শ্রমিকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের লাঠিপেটা ও রাবার বুলেটে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছেন।
এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি দোকানে আগুন ধরিয়ে দেয়।
গার্মেন্ট শ্রমিকরা জানিয়েছেন, সিনহা গার্মেন্টের সামনে শনিবার গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ ও তার দুই সহযোগীর ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে এলে কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের ওপর হামলা করে।
অবশ্য সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ঢিল ছুড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
দুপুর দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬১৭ ঘ.
bdnews24