২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরাজীর্ণ যানবাহন মেরামত ৩ মাসের মধ্যে

এই সময়ের মধ্যে যানবাহনের ‘সৌন্দর্য বর্ধনের’ও নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী তিন মাসের মধ্যে রাজধানীতে চলাচলকারী সব জরাজীর্ণ যানবাহন মেরামত করে ‘সৌন্দর্য বর্ধনের’ নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রেল ভবনে ‘রাজধানীতে মানসম্মত ও দৃষ্টি নন্দন যানবাহন চলাচল’ শীর্ষক এক বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন। পরিবহন শ্রমিক ও মালিক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, “জরাজীর্ণ যানবাহন (গণপরিবহন) রাজধানীর সৌন্দর্যহানি করছে, আগামী তিন মাসের মধ্যে এসব যানবাহন মেরামত করে সৌন্দর্য বর্ধনের জন্য মালিকপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।” এ ব্যাপারে ব্যাংকগুলো পরিবহন মালিকদের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও যোগাযোগ মন্ত্রী জানান। রাজধানীর ‘আনফিট’ যানবাহন ‘রিপ্লেস’ করার প্রক্রিয়া চলছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “বর্তমানে ট্যাক্সিক্যাব প্রয়োজন বেশি। তাই দুই হাজার ট্যাক্সিক্যাব নিয়ে আসার প্রক্রিয়া চলছে।” এছাড়া জাপান থেকে দুই হাজার ‘রিকন্ডিশন্ড’ শীতাতপ নিয়ন্ত্রিত বাস আনার জন্য পরিবহন মালিকদের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেছে বলে জানান তিনি। এ পরিকল্পনার বাস্তবায়ন হলে ঢাকার পরিবহন সমস্যা অনেকটাই দূর হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন। রাজধানীতে গণপরিবহনের জন্য আলাদা টার্মিনালের ব্যবস্থা করা হবে উল্লেখ করে কাদের বলেন, রাজধানীতে রেল বিভাগের কিছু জমি পড়ে আছে। সেখানে টার্মিনাল তৈরি করে বাস রাখার জন্য সড়ক বিভাগের সচিবকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৪৪৫ ঘ.