২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ড: বাহরাইনে ১০ বাংলাদেশির মৃত্যু

পূর্ব রিফার একটি বাসায় ১১ জন বাংলাদেশি কর্মী একসঙ্গে থাকতেন। আগুন লাগলে ধোঁয়ায় ঘর ভরে যায়। এতে একজন ছাড়া সবাই দমবন্ধ হয়ে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে ঘরে আগুন লেগে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন ১০ বাংলাদেশি। রোববার সকালে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক লায়লা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্রপাত হয়েছে বলে বাহরাইনের দক্ষিণ প্রদেশের সরকারি কর্মকর্তা মোহান্না আল-শাইজির বরাত দিয়ে জানিয়েছে বাহরাইন সংবাদ সংস্থা। মৃতদেহের পরীক্ষা ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে একজন ফরেনসিক বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে বলে সংস্থাটি জানায়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পূর্ব রিফার একটি বাসায় ১১ জন বাংলাদেশি কর্মী একসঙ্গে থাকতেন। সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে ধোঁয়ায় ঘর ভরে যায়। এতে একজন ছাড়া সবাই দমবন্ধ হয়ে মারা যান। সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, বাংলাদেশিদের আবাসস্থলে কোনো জানালা বা ভেন্টিলেটর ছিল না । লাশগুলো সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের হিমঘরে রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পূর্ণাঙ্গ তালিকা করে লাশ বাংলাদেশে আনা হবে বলে তথ্য বিবরণীতে বলা হয়। নিহতদের নাম সরকারিভাবে জানানো না হলেও তাদের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজন পরস্পরের আত্মীয়। বাহরাইন সংবাদ সংস্থা জানায়, আগুনের খবর পেয়েই স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। আল সাইজি জানান, পুলিশ, বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা এবং অপরাধ বিশেষজ্ঞদের উপস্থিতিতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় যাবতীয় তথ্য অনুসন্ধান করে এ সম্পর্কে প্রাথমিক প্রতিবেদন তৈরি করা হয়েছে। আগুন লাগার অন্য কোনো কারণ খুঁজে না পাওয়ায় নাশকতার সম্ভাবনা বাতিল করে দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/এইচএএইচ/এমআই/১৯৪৫ ঘ.