ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিনটি বাজেট অধিবেশনের মতো এবারো জাতীয় সংসদে যোগ দিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার সকালে এক মানবন্ধন কর্মসূচিতে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক দলের এই অবস্থানের কথা জানান।
তিনি বলেন, “স্পিকার নিরপেক্ষতার হারিয়েছেন। মিথ্যা মামলায় আটক আমাদের সংসদ সদস্যদের কারাগারে রেখে আমরা সংসদে যেতে পারি না। তাই এ অধিবেশনে আমরা যোগ দেব না।”
নবম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন রোববার বিকালেই শুরু হচ্ছে। এ অধিবেশনেই আগামী ৭ জুন নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিরোধী দলের সাংসদরা আগের তিনটি বাজেট অধিবেশনেও অনুপস্থিত ছিলেন। এবারো যে তাই ঘটবে, সে ইংগিত শনিবারই দিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
তিনি বলেন, অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা তাদের থাকলেও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য কারাগারে থাকায় তাদের নতুন করে ভাবতে হচ্ছে।
অন্যদিকে সরকার দলীয় প্রধান হুইপ আব্দুস শহীদ একই দিনে এক অনুষ্ঠানে ‘বাহানা আর ছলচাতুরির’ বাদ দিয়ে ‘গণতন্ত্রের স্বার্থে’ বিরোধীদলকে সংসদে ফেরার আহ্বান জানান।
শহীদের ওই বক্তব্যের জবাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে ফারুক বলেন, “বিরোধী দলের সংসদ সদস্যদের কারাগারে রেখে সংসদে যোগ দেওয়ার বিষয়টি আপনি কীভাবে আশা করেন। এটা হতে পারে না।”
হরতালের একটি মামলায় বিএনপিসহ বিরোধী দলের পাঁচ জন সংসদ সদস্য বর্তমানে কারাবন্দি। তারা হলেন- এম কে আনোয়ার, অলি আহমদ, মাহবুবউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আন্দালিব রহমান পার্থ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসজিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের অধিকাংশ জ্যেষ্ঠ নেতাই বর্তমানে ওই মামলায় কারাগারে রয়েছেন।
জ্যেষ্ঠ নেতাদের মুক্তি এবং নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করে।
এছাড়া হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে একই স্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ নেতাদের মুক্তির দাবিতে আরেকটি মানববন্ধন হয়।
মানববন্ধনে জয়নুল আবদিন ফারুক বলেন, “বিরোধী দলকে সংসদে কথা বলতে দেওয়া হয় না। টিপাইমুখ বাঁধ, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলাসহ জনগণের কোনো সমস্যার বিষয়ে এই সংসদে আলোচনা করার সুযোগ নেই। আমাদের দেয়া মুলতবি প্রস্তাবও স্পিকার নাকচ করে দেন।”
স্পিকার আবদুল হামিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “আপনি বহুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আপনার সংসদ সদস্যরা আপনার অনুমতি ছাড়া পুলিশ গ্রেপ্তার করে, তারপরও আপনি সরকারকে কিছু বলেন না। আমরা মনে করি, স্পিকার নিরপেক্ষতা হারিয়েছেন।”
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক মাহমুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক আবুল হাসনাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল হক, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাধারণ সম্পাদক মনির খান মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৫০ ঘ.
bdnews24