মহসীনুল করিম
মুন্সিগঞ্জের মোল্লাকান্দি থেকে ফিরে
ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সিগঞ্জের মোল্লাকান্দি। আর দশটা গ্রাম থেকে এখানকার একটি গ্রাম অনেকটাই স্বতন্ত্র, যেখানে ঠিকানাহীনরা পেয়েছেন ঠিকানা, মাথা গোঁজার ঠাঁই।
শনিবার সেই মোল্লাকান্দিতে সরকারি একটি প্রকল্প ঘুরে দেখা গেল মাথার উপর ছাউনি পেয়ে কতোটাই তুষ্ট ৫০টি পরিবার। ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম প্রকল্প তাদেরকে এই ‘ঠিকানা’ দিয়েছে।
মোল্লাকান্দির বাবুল মিয়া, আবদুর রহমান, রেজ্জাক মোল্লা, আনোয়ারা বেগম কারোরই মাথা গোঁজার ঠাঁই ছিলো না। ঝালমুড়ি বা শুটকি বিক্রি, দিনমজুরি বা পরের বাড়িতে কাজ করে ‘নুন আনতে পান্তা ফুরানো’ জীবন ছিলো তাদের। পরের জমি বা রাস্তার পাশে বাস করতে গিয়ে বাড়তি ছিলো বখাটেদের উৎপাত। সেসব মানুষ এখন পেয়েছে ঠাঁই।
গত বছরের ২৫ মে এসব জমি তাদের কাছে হস্তান্তর করা হয়। জমির দলিলে মালিকানা দেওয়া হয়েছে স্বামী ও স্ত্রী উভয়কে।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা ইয়াসমিন লিলি জানান, আদর্শগ্রাম প্রকল্পের অধীনে জমি ভরাটের কাজ আগেই করা হয়েছিল। জমি ভরাট থাকায় পুরো গুচ্ছগ্রাম নির্মাণের কাজ শেষ হয় মাত্র ছয়মাসেই। বাকি কাজে প্রায় ৬৪ লাখ টাকা ব্যয় হয়েছে।
মোল্লাকান্দি গুচ্ছগ্রামে সরজমিনে দেখা যায়, পরিবারের প্রতি চার শতাংশ জমি দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ৩০০ বর্গফুটের থাকার ঘর, ৮০ বর্গফুটের বারান্দা এবং ২৮ বর্গফুটের রান্নাঘর। রয়েছে পরিবারপ্রতি একটি টয়লেটও।
এছাড়াও প্রতি পাঁচ পরিবারের জন্য একটি বিশুদ্ধ পানির নলকূপ রয়েছে। সবার জন্য রয়েছে তিনটি পুকুর এবং একটি পাকা কমিউনিটি সেন্টার। নদীর তীরে রয়েছে সান-বাঁধানো ঘাট। আছে খেলার মাঠ এবং বিশ্রামের জন্য ছাতার ছাউনিও।
মোল্লাকান্দি ইউনিয়নের ভূমিহীন আব্দুর রহমান-হালিমা খাতুন দম্পতি ৫ ছেলে মেয়ে নিয়ে রাস্তার পাশে সরকারি জমিতে বাস করতেন। আয়ের উৎস বলতে ছিলো আবদুর রহমানের দিনমজুরি। বখাটেদের অত্যাচারে তিন মেয়ে নিয়ে তাদের দিন কাটতো অত্যন্ত উদ্বেগে। সেই দম্পতি এখন গুচ্ছগ্রামে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। সেখানে তাদেরকে ঘরসহ ভিটে দলিল করে দেওয়া হয়েছে।
হালিমা খাতুন বলেন, দরিদ্র স্বামীর আয়ে কোনো রকমে সংসার চলে। নিজেরা কোন ঘর করতে পারিনি। সরকার ঘরসহ জমি দেওয়ায় তাদের খুবই উপকার হয়েছে। আশা করি বাকি জীবন সুখেই কাটাতে পারবো।
শারীরিক প্রতিবন্ধী ৪৫ বছর বয়সী এই বাবুল মিয়া ঝালমুড়ি বিক্রি করেন। নিজস্ব বা পৈত্রিক জমি না থাকায় এতদিন ছিলেন অনেকটা ঠিকানাহীন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাস করতেন পরের জমিতে। সারা জীবন সইতে হয়েছে অনেক লাঞ্ছনা-গঞ্জনা।
ওই প্রকল্পের ‘জাতীয় প্রকল্প পরিচালক’ (যুগ্ম-সচিব) হাসান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাপানের মওকুফ করা ঋণের (জেডিসিএফ) অর্থে সরকার সারা দেশে ১৮৭ কোটি ২৯ লাখ আট হাজার টাকা ব্যয়ে গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন করছে।
“৬১টি জেলার (পার্বত্য তিন জেলা ছাড়া) ১৮৮টি উপজেলায় ২৬২টি গুচ্ছগ্রাম প্রকল্পের ১৫৫টির কাজ ইতিমধ্যে শেষে হয়েছে। বর্তমানে আরো চারটির কাজ চলছে। খাস জমি নির্ধারণ এবং প্রকল্প চূড়ান্ত করার কাজ চলছে আরো বেশ কিছু গুচ্ছগ্রামের জন্য।”
তিনি বলেন, “২০০৯ সালের জানুয়ারি মাসে শুরু হওয়া এ প্রকল্পটির প্রথম পর্ব আগামী বছরের জুন মাসে শেষ হবে। এসব গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা হলে ১০ হাজার ৬৫০ ভূমিহীন, ঠিকানাবিহীন, গৃহহীন ও নদী-ভাঙ্গা পরিবারকে পুনর্বাসন করা সম্ভব হবে।”
তিনি জানান, শহরমুখিতা ঠেকাতে এদেরকে স্থানীয়ভাবে প্রশিক্ষণ এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া এসব ঋণের টাকায় তারা পশু ও হাঁস-মুরগি পালন এবং সবজির চাষ করে আয় বাড়াচ্ছে। একইসঙ্গে তাদের মূল কাজ করেও তারা সংসার চালাতে পারছে।
তবে গুচ্ছগ্রামের বাসিন্দা আয়েশা বেগম জানালেন বেশ কিছু দাবির কথা। তিনি বলেন, ঠিকানার ব্যবস্থা হলেও আশেপাশের বখাটেদের উৎপাত এখনো রয়ে গেছে। এছাড়া গুচ্ছগ্রামের প্রবেশে একটি সড়ক তৈরি এবং যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হলে আর কোনো সমস্যা থাকবে না।
বিদ্যুৎ না থাকা নিয়েও অভিযোগ রয়েছে কারো কারো। এ বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা ইয়াসমিন লিলি বলেন, কাছেই বিদ্যুত থাকা সত্ত্বেও সংযোগ পেতে পিলার দরকার। আর তা পল্লী বিদ্যুৎ সমিতি বিনামূল্যে দিচ্ছে না। স্থানীয়ভাবে এবং প্রশাসনের পক্ষ থেকে অর্থের যোগান দেওয়ার চেষ্টা চলছে।
খুব শিগগির বিদ্যুতের ব্যবস্থা হবে বলে আশা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএন/২১৪০ ঘ.
bdnews24